লড়ছেন কুক, তবু এগিয়ে অস্ট্রেলিয়া

নিজের সেরা চারটি বল দিনের শেষ ওভারেই করলেন নাথান লায়ন। কিন্তু দুর্ভাগ্য তাঁর, এই ৪ বল থেকে মাত্র একটি উইকেটই পেলেন এই অস্ট্রেলীয় অফ স্পিনার। শেষ তিনটি বলে অনেক ‘আহা-উহু’র জন্ম দিয়েও টিকে রইলেন কুইন্টন ডি কক। তবে এতেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা করেছে ১৯৪ রান।
মাত্র ৭০ রানে এগিয়ে থেকে কাল দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে চাইলে লিডটা এগিয়ে নিতে হবে আরও অনেকখানি। সে জন্য সফরকারীরা চেয়ে থাকবে ডি কক ও স্টিভেন কুকের দিকেই।
দক্ষিণ আফ্রিকা যে এখনো ম্যাচে আছে, সে কৃতিত্ব ওপেনার কুকেরই (৮১ *)। ১২৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা ধাক্কা খায় শুরুতেই। শূন্য রানেই মিচেল স্টার্কের ফুল লেংথ বলে স্টিভ স্মিথের দুর্দান্ত এক ক্যাচ হন ডিন এলগার। তবে অন্যপ্রান্তে যেকোনো মূল্যে টিকে থাকার প্রতিজ্ঞা ছিল কুকের। ইনিংসের শুরুতে বেশ অনেকটা সময় অস্বস্তিতে পার করলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন। দলকে দিয়েছেন কিছুটা স্বস্তি।
দ্বিতীয় উইকেট জুটিতে শুধু হাশিম আমলাই কিছুটা সঙ্গ দিলেন কুককে। দুজনে মিলে যোগ করেন ৮১ রান। কিন্তু জশ হ্যাজলউডরে বলে ৪৫ রান করে আমলা ফিরলে প্রোটিয়া ইনিংসের কঙ্কালটা বেরিয়ে পড়ে। এই সিরিজে এ নিয়ে হ্যাজলউডের বলে পাঁচবার আউট হলের আমলা। এরপর একে একে ফিরেছেন জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসি, টেম্বা বাভুমা ও নাইটওয়াচম্যান কাইল অ্যাবট। লায়ন পেয়েছেন ৩ উইকেট, স্টার্কের শিকার দুজন।
এর আগে ৩০৭ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৮৩ রানে। স্টার্কের (৫৩) ব্যাটেই ১২৪ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া।