লড়াই চলছে অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বলটা আউটসুইং ছিল কাগিসো রাবাদার। পরের বলটা বাউন্সার, তৃতীয়টা ইনসুইং। সেটা কোনোমতে ঠেকালেন স্টিভ স্মিথ। পরের তিন বলেও স্মিথের আত্মবিশ্বাস নাড়িয়ে দেওয়া তিনটি বল করলেন রাবাদা। ওভারটি শেষ হতেই অস্বস্তি মেশানো একটা হাসি হাসলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। এই হাসিটাকেই হোবার্ট টেস্টের তৃতীয় দিনের প্রতীক ভেবে নিতে পারেন। তৃতীয় দিনটা খারাপ যায়নি অস্ট্রেলিয়ার, কিন্তু ১২০ রানে পিছিয়ে থাকার অস্বস্তিটা যে কুরে কুরে খাচ্ছে স্বাগতিকদের।

ওপেনারদের হারিয়ে ১২১ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। সন্তুষ্ট হওয়ার মতো কিছু নয়, তবে ইনিংসের শুরু বিবেচনা করলে এ স্কোরও মন্দ কী! চতুর্থ বলেই আউট হয়েছেন জো বার্নস। কাইল অ্যাবট ও ভারনন ফিল্যান্ডার যেভাবে বল করেছেন তাতে আরও দু-একটা উইকেট হারাতেই পারত অস্ট্রেলিয়া। কিন্তু প্রোটিয়া পেসারদের পেস, সুইংয়ের মুখেও লড়ে গেছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ব্যাটে বাতাস লাগিয়ে বল গেছে অনেকবার, বেশ কয়েকবার একটুর জন্য স্টাম্পে বল লাগেনি, কিন্তু দুজনই টিকে ছিলেন বিরুদ্ধ স্রোতে।

চা-বিরতির আগে অ্যাবটের বলে স্লিপে সুযোগও দিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু তৃতীয় স্লিপে দাঁড়ানো ডিন এলগার সে বল ধরার চেষ্টা না করে উল্টো বসে গেলেন! সেবার সৌভাগ্যবান ওয়ার্নার শেষ সেশনে ফিরলেন দুর্ভাগ্যের শিকার হয়ে। অ্যাবটের শর্ট বল ওয়ার্নারের কোমরে লেগে ওপরে উঠে আবার কনুইয়ে লেগে স্টাম্পে! ওয়ার্নার ফিরলেও অন্য প্রান্তে লড়াইটা চালিয়ে গেছেন খাজা। নতুন সঙ্গী স্মিথে খুঁজে নিয়েছেন আস্থা।

দিনের প্রথম ভাগের গল্পটা অবশ্য আরেক বাঁহাতি ব্যাটসম্যানের—কুইন্টন ডি কক। যে উইকেটে রানের জন্য দুই দলের ব্যাটসম্যানদেরই সংগ্রাম করতে হচ্ছে, সেখানে ডি কুক মুগ্ধতা ছড়িয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে। এক দিকে একের পর এক শটে রান তুলেছেন তিনি, অন্য প্রান্তে অস্ট্রেলিয়ার বোলিংকে নির্বিষ করে রাখেন টেম্বা বাভুমা। এ দুজনের ১৪৪ রানের জুটিটাই এগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

তারপরই মঞ্চে আবির্ভাব জশ হ্যাজলউডের। প্রথমে বোল্ড করেন ডি কককে, এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে তুলে নেন আরও ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকাও ৫০ রানে হারায় শেষ ৫ উইকেট। তবে এতেই ২৪১ রানের লিড হয়ে গেছে তাদের। সূত্র: স্টার স্পোর্টস।