লড়াই চলছে র্যাঙ্কিংয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি (১২২*)। দুই ম্যাচে ১৩৭.০০ গড়ে ১৩৭ রান। দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছেন প্রোটিয়া টেস্ট অধিনায়ক। দুই ম্যাচে ২২ রান করা ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স নেমে গেছেন দুইয়ে। তিনে ভারতের বিরাট কোহলি। শীর্ষ তিনে জমজমাট লড়াই-ই হচ্ছে। মাত্র ১ পয়েন্ট করে ব্যবধান তিনজনের—আমলার ৮৭০, ডি ভিলিয়ার্সের ৮৬৯ ও কোহলির ৮৬৮। ৮৫৬ নিয়ে চারে অস্ট্রেলিয়ার জর্জ বেইলি।
চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ। সোমবার থেকে শুরু ইংল্যান্ড-ভারত ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ (অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা)। ব্যস্ত ওয়ানডে সূচির ভিড়ে বেশ কবারই রদবদল হতে পারে ব্যাটিংয়ের শীর্ষস্থানে। তবে বোলিংয়ে পাকিস্তানের সাঈদ আজমল বেশ বড় ব্যবধানেই ধরে রেখেছেন এক নম্বর জায়গাটা। আজমলের পয়েন্ট ৭৮৯। ৭১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৪১৭)। বাংলাদেশের ‘নিষিদ্ধ’ সাকিব আল হাসান (৩৬৮) দুইয়ে। তিনে অ্যাঞ্জেলো ম্যাথুস (৩৬৫)।
দলীয় র্যাঙ্কিংয়েও মিউজিক্যাল চেয়ারের খেলা। অস্ট্রেলিয়া (১১৫) শীর্ষে, দুইয়ে ভারত (১১২)। তবে পাঁচ নম্বর দল ইংল্যান্ডের (১০৯) পয়েন্টই বলে দিচ্ছে লড়াইটা এখানেও জমজমাট। বাংলাদেশ ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে নয়ে। আইসিসি বিজ্ঞপ্তি।