দল চাপে। এরচেয়ে বেশি চাপে মিসবাহ-উল-হক নিজে। পরশু অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৫ উইকেটে হেরে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেছে পাকিস্তান। ব্যাটে রান নেই অধিনায়ক মিসবাহরও। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ৯ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরির দেখা পাননি, সর্বশেষ ১৩ ইনিংসে ফিফটি মাত্র একটি। পাকিস্তান অধিনায়ক যেন দুঃসময়ের বৃত্তে বন্দী হয়ে পড়েছেন। তবে এ থেকে বেরিয়ে আসতে মরিয়া ৪০ বছর বয়সী মিসবাহ।
এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের দায়টা অবশ্য শুধু তাঁর একার নয়। টি-টোয়েন্টি এবং পর পর দুটি ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানদের প্রায় সবাই। পরশু রাতে বিনা উইকেটে ১২৬ রান থেকে ২১৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। বিশ্বকাপের কয়েক মাস আগে পুরো ব্যাটিং অর্ডারের এভাবে ছন্দ হারিয়ে ফেলাটাকে সতর্কবার্তা হিসেবেই নিচ্ছেন মিসবাহ, ‘আরও একবার আমরা বাজে ব্যাটিংয়ের কারণে হারলাম। বিশ্বকাপের আগেই এই ভুলগুলো শুধরে নিতে হবে। নইলে বিশাল সমস্যা।’
যদিও পিসিবি তাঁকে বিশ্বকাপ পর্যন্ত টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে রাখার নিশ্চয়তা দিয়েছে, কিন্তু ব্যাট হাতে টানা এই ব্যর্থতায় তাঁর অধিনায়কত্ব নিয়েও এখন প্রশ্ন উঠেছে। মিসবাহ অবশ্য এসব নিয়ে বিচলিত নন, ‘আমি অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবছি না। লড়াই চালিয়ে যাব। আশা করি, ব্যাটিংয়ের উন্নতি করে সিরিজের শেষ ওয়ানডে জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো করবে পাকিস্তান।’ এএফপি।