
রবীন্দ্র জাদেজাই ঝামেলাটা পাকিয়েছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে এই বাঁহাতি স্পিনারের বদলে জশ হ্যাজলউড থাকলেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজটা আক্ষরিক অর্থেই হয়ে উঠত এক ও দুইয়ের লড়াই।
টেস্টের র্যাঙ্কিং-সেরা দল এখন ভারত, দুইয়ে আছে অস্ট্রেলিয়া। বোলারদের সেরা তিনজন রবিচন্দ্রন অশ্বিন, জাদেজা ও হ্যাজলউড। দুই দলের ফর্ম, কন্ডিশন আর ভারতের উইকেট বিবেচনায় এই দুটি জায়গায় অদলবদল হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু প্রসঙ্গটা যখন ব্যাটিং, তখন আগ্রহের পারদটা চড়চড় করে উঠে যায়। এ ক্ষেত্রে অদলবদল যে খুবই সম্ভব। টেস্টের সেরা ব্যাটসম্যানের নাম এখন স্টিভ স্মিথ, দুইয়ে থাকা লোকটার নাম? বিরাট কোহলি!
দুজনই আবার দুই দলের অধিনায়ক। টেস্টের শীর্ষ দুই দলের অধিনায়কের অন্য পরিচয় বিশ্বের সেরা দুই ব্যাটসম্যান—এমনটা ক্রিকেট কখনো দেখেছে কি না সেটি ইতিহাস ঘেঁটেও নিশ্চিত হওয়া গেল না। মজার ব্যাপার, সময়ের সেরা দুই ব্যাটসম্যান ফর্মের চূড়ায় উঠেছেন দলের নেতৃত্বের ভারটা কাঁধে তোলার পরই। লেগ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব, সেখান থেকে পুরোদস্তুর ব্যাটসম্যান বনে স্মিথ তো চমক দেখাচ্ছেন বহুদিন হলো। উল্টো দিকে কোহলি বিস্মিত করেছেন অন্যভাবে, সীমিত ওভারের দুর্দান্ত-দুর্ধর্ষ কোহলি কোনো এক অদ্ভুত কারণে টেস্টে সাফল্য পাচ্ছিলেন না। বড় দৈর্ঘ্যে বড় রান করতে না পারাটা তো ব্যর্থতাই!
কোহলির গল্পটা বাঁক বদলেছে একটা চোটের কারণে। মহেন্দ্র সিং ধোনি চোট পাওয়ায় আকস্মিকভাবেই ২০১৪ সালের ডিসেম্বরে অধিনায়ক হন কোহলি। অধিনায়কত্বের অভিষেকেই জোড়া সেঞ্চুরি! পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পরও ধারাটা পাল্টায়নি। অধিনায়কত্ব পাওয়ার আগে মাত্র ৪০ গড়ে রান করা কোহলির ব্যাটিং গড় এখন পঞ্চাশ পেরিয়েছে। শুধু ব্যাটসম্যান হিসেবে ৩১ টেস্টে ২ হাজার ৯৮ রান, আর অধিনায়ক হিসেবে ২৩ টেস্টে ৬৭.২২ গড়ে ২ হাজার ৩৫৩ রান। অধিনায়ক হওয়ার আগে টেস্টে যে ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ১১৯ রানের, সেই কোহলিই টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে গড়েছেন বিশ্ব রেকর্ড। আর দলীয় সাফল্য? টানা ১৯ টেস্ট অপরাজিত ভারত, এতে যদি কিছুটা বোঝা যায়!
স্মিথের বদল এতটা নাটকীয় নয়। অধিনায়ক হওয়ার আগেই বর্তমানের সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন ভাবা হতো তাঁকে। অধিনায়ক হয়ে অবশ্য ইতিহাসেই জায়গা করে নিচ্ছেন। ২০ টেস্টেই ২ হাজার ২১২ রান, সেটাও ৭৩.৭৩ গড়ে। পুরো ক্যারিয়ার গড় ৬০ পেরিয়েছে। টেস্টে ৯০ বা এর বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে স্মিথের গড় এখন ইতিহাসের সেরা। তাঁর অধীনে অস্ট্রেলিয়ার সাফল্য ৫৫ শতাংশ ম্যাচে। অধিনায়ক হিসেবে তাঁর চেয়ে সফল অস্ট্রেলীয়ই মাত্র চারজন!
সেরা দুই ব্যাটসম্যানের অধিনায়ক হিসেবে এমন সাফল্য ইংল্যান্ডের নতুন অধিনায়ককে অনুপ্রাণিত করছে। র্যাঙ্কিংয়ে তিনে থাকা জো রুট ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর রুট ‘গুরু’ মেনে নিচ্ছেন স্মিথ ও কোহলিকে, ‘অধিনায়ক হয়ে ওরা আরও ভালো হয়েছে, আরও ভালো কিছু করেছে। তাদের খেলাকে নিয়ে গেছে পরের ধাপে। আমি কেন সেটা করার আশা করব না!’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।