লড়াইটা প্রোটিয়াদের সঙ্গে প্রোটিয়াদেরও
ইনিংস শুরু করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক আর ইয়ানেমান ম্যালান কি আজ সামনে অ্যালান ডোনাল্ডকে বল হাতে দেখবেন?
কিংবা বল হাতে রানআপে দাঁড়িয়ে লুঙ্গি এনগিডি-ডোয়াইন প্রিটোরিয়াসরা কি বাংলাদেশের ব্যাটিং প্রান্তে আবিষ্কার করবেন দক্ষিণ আফ্রিকারই সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে?
বাস্তবে এটা সম্ভব নয় জানা কথা। কিন্তু সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে ডি কক-এনগিডিদের কল্পনায় যদি আজ এভাবেই হানা দেন তাঁদের উত্তরসূরিরা, তাহলে অবাক হওয়ার কিছু কি থাকবে? এই সিরিজে ডোনাল্ড-মরকেলরা যে হয়ে গেছেন বাংলাদেশ দলেরই প্রতিনিধি!
মরকেল অবশ্য নিজের কাজটা সেরে এরই মধ্যে বাংলাদেশ দলের তাঁবু ছেড়েছেন। পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে তাঁকে বিসিবি নিয়েইছিল ওয়ানডে সিরিজের আগে ব্যাটসম্যানদের চারটি সেশন করানোর জন্য। সেটি শেষ হয়ে যাওয়ার পর গতকাল দল ছেড়েছেন নামিবিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করা দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।
তবে ডোনাল্ড আছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার এই সাবেক ফাস্ট বোলারকে, যে যাত্রার শুরু এবারের দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই। কাল দুপুরে সুপার স্পোর্ট পার্কে দল অনুশীলনে আসার পর সবার আগে ডোনাল্ডকেই দেখা গেল মাঠে।
মাঝ উইকেটে পেসারদের নিয়ে অনেকটা সময় কাজ করার পর থ্রোয়ারে বল ছুড়েছেন ব্যাটসম্যানদেরও। ডোনাল্ডের জন্য সিরিজটা ঘরের মাঠে হলেও এখন বাংলাদেশ দলের হয়ে যাওয়ায় তাঁর অবস্থা অনেকটা ‘নিজ ভূমে পরবাসী’র মতো।
বাংলাদেশ দলের কোচিং স্টাফ সদস্যদের মধ্যে একসময় ছিল অস্ট্রেলিয়ানদের আধিপত্য। সেটি অনেক দিন আগেই গত হওয়ার পর এখন অস্ট্রেলিয়ান আছেন একজনই, ব্যাটিং কোচ জেমি সিডন্স। তিনিও এখন পর্যন্ত জোহানেসবার্গে আসেননি।
কেপটাউনে আলাদাভাবে ক্যাম্প করছেন টেস্ট দলের খেলোয়াড়দের নিয়ে। কাজেই জোহানেসবার্গে বাংলাদেশ দল পুরোই আছে দক্ষিণ আফ্রিকান কোচদের ছত্রচ্ছায়ায়, যেখানে স্বয়ং প্রধান কোচও একজন দক্ষিণ আফ্রিকান—রাসেল ডমিঙ্গো।
অস্ট্রেলিয়ান কোচদের আধিপত্যের পর কয়েক বছর ধরে বাংলাদেশ দল চলছে মূলত দক্ষিণ আফ্রিকান কোচদের দিয়েই। ডমিঙ্গো তো আছেনই, যোগ হয়েছেন ডোনাল্ড, মরকেলও একটু হলেও ছিলেন। সিডন্স আসার আগে যিনি ব্যাটিং কোচ ছিলেন, তিনিও একজন দক্ষিণ আফ্রিকানই—অ্যাশওয়েল প্রিন্স।
সেঞ্চুরিয়নে এর আগে বাংলাদেশ দল যে একটিমাত্র ম্যাচ খেলেছে, ২০০৮ সালের সেই টেস্টে অপরাজিত ১৬২ রানের ইনিংস ছিল প্রিন্সের। মাঝে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা রায়ান কুক আর ফিজিও জুলিয়ান ক্যালেফাতোও ছিলেন দক্ষিণ আফ্রিকান।
দক্ষিণ আফ্রিকায় এসে যখন দক্ষিণ আফ্রিকান কোচদের কাছে পাওয়া যাচ্ছে, সেটা নিশ্চয়ই তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে বাড়তি সুবিধাই দেবে বাংলাদেশকে। ক্রিকেটাররাও চেষ্টা করছেন সেই সুবিধাই নিতে।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালই তো কাল বলছিলেন, ‘আমাদের সঙ্গে ডোনাল্ড নতুন যোগ দিয়েছেন। অ্যালবি মরকেল দুই দিন ধরে অনুশীলনে ছিলেন। আমরা চেষ্টা করছি, সবাই সবার মতো করে তাঁদের কাছ থেকে যতটুকু সম্ভব নিতে।’
ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে, অন্য ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। কোন মাঠে কেমন রান হলে ভালো, প্রতিপক্ষকে কত রানে আটকে রাখতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে—এসব পরামর্শের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সম্পর্কেও বাড়তি তথ্য সরবরাহ করছেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচরা।
তামিমের ভাষায়, ‘ওনারা বেশ সহযোগিতাই করছেন।’
দিন শেষে অবশ্য কাজটা কোচদের নয়, করতে হয় ক্রিকেটারদেরই। ডমিঙ্গো-ডোনাল্ডদের পড়ে দেওয়া মন্ত্র মাঠে ক্রিকেটাররা কতটা কাজে লাগাতে পারেন, সেটাই আসল।
তামিমও মনে করিয়ে দিলেন, দলে প্রোটিয়াদের ভিড় মানেই প্রোটিয়াদের হারিয়ে দেওয়া নয়, ‘আমি সব সময়ই বলি, যত কিছুই থাকুক, মাঠের বিষয়টাই দিন শেষে গুরুত্বপূর্ণ। আপনি খেলার আগে অনেক তথ্য পেতে পারেন কিন্তু মাঠে গিয়ে কীভাবে চাপটা নিচ্ছেন বা মানিয়ে নিচ্ছেন, কীভাবে পরিকল্পনাগুলোকে সফল করছেন, সেটা গুরুত্বপূর্ণ।’
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সেই পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকান ছাপ থাকে, তবে মন্দ কি! লড়াইটা হোক না প্রোটিয়াদের সঙ্গে প্রোটিয়াদেরও।