লড়াইটা র্যারঙ্কিংয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ সেপ্টেম্বর ২০১৭।
দুই বছর পরের এই দিনটিতেই নির্ধারিত হয়ে যাবে কোন ৮টি দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে। ওই দিন আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলোই সরাসরি যাবে বিশ্বকাপে। বাকিদের খেলতে হবে বাছাইপর্বে। বাংলাদেশ এখন আছে র‌্যাঙ্কিংয়ের নয়ে। অষ্টম স্থানের দলের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধানটাও কম নয়। পাকিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৭৬, আট নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের ৯২। তাই সরাসরি বিশ্বকাপে খেলাটা কঠিন চ্যালেঞ্জই বাংলাদেশের জন্য।

সেই চ্যালেঞ্জে বাংলাদেশ জিতবে কিনা সেটা সময়ই বলবে। তবে পাকিস্তানকে প্রথম দুই ম্যাচেই হারিয়ে ব্যবধান এরই মধ্যে কমিয়ে ফেলেছেন মাশরাফিরা। অন্যদিকে পাকিস্তান আছে আট নম্বরে নেমে যাওয়ার শঙ্কায়। প্রথম দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট বাড়িয়ে নেওয়া বাংলাদেশের পয়েন্ট এখন ৭৯। আগামীকাল শেষ ম্যাচটি জিতলে পয়েন্ট বেড়ে হবে ৮১ এবং পাকিস্তান নেমে যাবে আটে। ধবলধোলাই হলে ৯৫ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা পাকিস্তানের পয়েন্ট কমে হবে ৯২। তখন সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশ ব্যবধানে সাতে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচটা পাকিস্তান জিতলে ৯৩ পয়েন্ট নিয়ে পাকিস্তানিরা থাকবে সাতেই, বাংলাদেশেরও পয়েন্ট থাকবে ৭৯।