লড়াইটা শ্রীলঙ্কা বনাম শ্রীলঙ্কাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো পরীক্ষা দিতে বসেননি তাঁরা, অনুশীলনে কে কতটা নিখুঁত বোলিং করেছেন একে অন্যের মূল্যায়ন করছেন রুবেল, তাসকিন, মোস্তাফিজ ও শুভাশিস। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে l শামসুল হক
কোনো পরীক্ষা দিতে বসেননি তাঁরা, অনুশীলনে কে কতটা নিখুঁত বোলিং করেছেন একে অন্যের মূল্যায়ন করছেন রুবেল, তাসকিন, মোস্তাফিজ ও শুভাশিস। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে l শামসুল হক

কী ‘হোম সিরিজে’র জন্য তৈরি হচ্ছেন?
কাল বিসিবি একাডেমি মাঠে কেউ একজন রসিকতা করলেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ণের সঙ্গে। বাংলাদেশ দলের ফিটনেস অনুশীলন শেষে ফেরার সময় প্রসঙ্গটা তুলতেই বললেন, ‘হ্যাঁ, এবার সফরটা আমাদের দেশে হবে।’ শুধু বাংলাদেশ দলের ট্রেনার নন, একই উত্তর দিতে পারেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরাও। বাংলাদেশ দলের ‘থিঙ্ক ট্যাঙ্কের’ বড় অংশই যে শ্রীলঙ্কান। বাংলাদেশের আসন্ন সফরটা তাই ‘শ্রীলঙ্কা বনাম শ্রীলঙ্কাও’ বলতে পারেন।
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রায় সব লড়াই হয়েছে একতরফা। ১৬ টেস্টের ১৪টিতেই জিতেছে শ্রীলঙ্কা। যে দুটিতে বাংলাদেশ ড্র করেছে, তার একটিতে অসামান্য অবদান আছে মুশফিকুর রহিমের। ২০১৩ সালের মার্চে গল টেস্টে ২০০ রানের দুর্দান্ত ইনিংস কেন ভীষণ তৃপ্তি দিয়েছে তাঁকে, পরশু প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘আমাদের তারা প্রতিটি সিরিজে অনেক কষ্ট দিত...।’ বাংলাদেশকে সেই ‘কষ্ট’ দেওয়ার কাজটা যে কজন শ্রীলঙ্কান ব্যাটসম্যান সুনিপুণভাবে করতেন তাঁর একজন সামারাবীরা। ভদ্রলোক এখন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক। ৮১ টেস্টে ৫৪২৬ রান করা সামারাবীরার টেস্টে ব্যাটিং গড় এমনিতেই ভালো—৪৮.৭৬। বাংলাদেশের বিপক্ষে সেটি—৬৬.৬৬, ৮ ম্যাচের ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে করেছেন ৬০০ রান।
বর্তমান দলের মুশফিক-সাকিব-তামিমের বিপক্ষেও খেলেছেন সামারাবীরা। সাকিব আল হাসানের বলে দুবার আউটও হয়েছেন। অনুশীলন শেষে ফেরার সময় তথ্যটা মনে করিয়ে দিতে অবশ্য অবাকই হলেন, ‘তাই নাকি? মনে পড়ছে না!’ সময়ের স্রোতে সামারাবীরা এখন শ্রীলঙ্কার কাছে ‘ঘরের শত্রু বিভীষণ’! হেরাথ-সান্দাকানদের কীভাবে সামলাতে হবে, সেটি নিয়ে কাল বিসিবি একাডেমি মাঠে প্রায় তিন ঘণ্টা মুশফিক-মুমিনুলদের নিয়ে কাজ করলেন বাংলাদেশ দলের এই ব্যাটিং পরামর্শক। একই রুটিন থাকবে আজও। ব্যাট হাতে একসময় যাঁদের ঘাম ছুটিয়ে ছেড়েছেন এখন তাঁদেরই নানা টোটকা দিচ্ছেন, বিষয়টা কেমন লাগে? পেশাদার কোচের এসব ভাবলে হয় নাকি—এমন অভিব্যক্তিতে সামারাবীরার সংক্ষিপ্ত উত্তর, ‘ভালোই লাগে।’
সামারাবীরা যখন ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছেন, মিরপুর ইনডোরে তখন বাকিদের নিয়ে ব্যস্ত চন্ডিকা হাথুরুসিংহে। গত দুই বছর সীমিত ওভারের ক্রিকেটে দেশের মাঠে বাংলাদেশ যে সাফল্যের ভেলায় ভেসেছে, তাতে গুরুত্বপূর্ণ অবদান আছে এই শ্রীলঙ্কান কোচের। ২০১৪ সালের জুনে বাংলাদেশ দলে যোগ দেওয়া হাথুরুর এবার নতুন অভিজ্ঞতাই হতে যাচ্ছে—প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ‘সফর’ করবেন নিজ দেশে।
একটা সময় বাংলাদেশকে যাঁরা নিয়মিত ভুগিয়েছেন তাঁরা এখন শ্রীলঙ্কা দলে নেই, বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই। বাংলাদেশ যে লঙ্কানদের এখন চ্যালেঞ্জ জানাতে পারে দুই দলের সর্বশেষ চার টেস্ট দেখলে বোঝা যাবে। এই চার টেস্টের দুটিতে যে বাংলাদেশ ড্র করেছে, সেটি প্রকৃতির বদান্যতায় নয়, নিজেদের সামর্থ্য প্রমাণ করেই। এবারও মুশফিকরা দুর্দান্ত কিছু করবেন, এই আশা ট্রেনার ভিল্লাভারায়ণের, ‘বাংলাদেশ সর্বশেষ শ্রীলঙ্কায় খেলেছে ২০১৩ সালে। অসাধারণ এক সিরিজ ছিল সেটা। ওই অভিজ্ঞতা নিয়েই আমরা এবার যাচ্ছি। যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, এবারও ভালো সুযোগ আছে। যদি সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে।’