লয়েডের মোটা চশমার পেছনের গল্প

এক বিশালদেহী লোক। খানিকটা কুঁজো হয়ে নিস্পৃহ মুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। মোটা কালো ফ্রেমের আড়ালে থাকা চোখ আর মুখের ভাবলেশহীন অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই মাত্রই ইতিহাস সৃষ্টি করেছেন। প্রথম বিশ্বকাপের ট্রফি হাতে ক্লাইভ লয়েডের এ ছবি সবার পরিচিত। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কের একজন ক্লাইভ এটাও অনেকের জানা। তবে যে গল্পটি অনেকেরই জানা নেই তা হলো কেন এত মোটা ফ্রেমের চশমা নিয়ে মাঠে নামতেন এই ক্রিকেটার।
ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কে? এ প্রশ্নের মুখে ঝামেলায় পড়তে হয়। কারণ, ক্রিকেট মাঠের সাফল্য দিয়ে অধিনায়কত্বের বিচার করাটা কঠিন। দুর্দান্ত একজন অধিনায়কের পরিসংখ্যানও সাদামাটা দেখায় দলের কারণে। আবার দুর্দান্ত এক দলের কারণে সাধারণ একজন অধিনায়ককেও মনে হয় অসাধারণ। কিন্তু লয়েড বিরল সেই তালিকার একজন, যাঁর নেতৃত্বগুণের প্রকাশ দলের পরিসংখ্যানেও পাওয়া যায়। ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। যার প্রথম দুটিতেই জয়ী হয়েছেন। আর এসবের সবই করেছেন চোখের মোটা ফ্রেমের চশমাটি পরেই।
নিজের ক্রিকেট জীবনের শুরু থেকেই এমন ভারী ফ্রেমের চশমা পরছেন লয়েড। ১২ বছর বয়সে এক দুর্ঘটনার শিকার হয়েই চোখে লাগাতে হয়েছে এমন চশমা। সে দুর্ঘটনাতেও প্রকাশ পেয়েছিল তাঁর নেতৃত্ব গুণ। অন্যান্য কিশোরদের মধ্যে মারামারি হতে দেখে নিজে এগিয়ে গিয়ে মীমাংসা করতে গিয়েছিলেন। কিন্তু উল্টো নিজেই মারপিটের মধ্যে পড়ে চোখে ভয়াবহ আঘাত পান। তখন থেকেই চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে। নিত্যসঙ্গী মোটা গ্লাসের চশমা।
লয়েডকে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবেই মনে রাখেন সবাই। বিশ্বকাপ ফাইনালে তাঁর সেঞ্চুরি তো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক ইনিংসেরই স্বীকৃতি পেয়েছে। কিন্তু তাঁর অধিনায়কত্বের আসল রূপ প্রকাশ পেয়েছিল টেস্টেই। নিজের খেলা ১১০ টেস্টের ৭৪ টিতেই দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৩৬টিতে, হেরেছেন মাত্র ১২টি। ১৮টি সিরিজের ১৪টি সিরিজেই বিজয়ী, হার শুধু দুটিতে। তাঁর অধীনে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্নাতীতভাবেই টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে তাঁর নামই তো মাথায় আসে।
এই অসাধারণ এই ক্রিকেটারের টেস্ট অভিষেক আজকের এই দিনেই। ১৯৬৬ সালে মুম্বাই টেস্টের ১৩ ডিসেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন। সেই টেস্টে ৮২ ও ৭৮ রানের দুই ইনিংস খেলে দলকে জিতিয়েই ভবিষ্যতের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন, সেটিও কিন্তু চশমা পরেই!