
বিশ্বকাপ ক্রিকেট: এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেটের মহোৎসব সামনে রেখে আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। আজ থাকছে বিশ্বকাপজয়ী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কথা ।
২৫ জুন, ১৯৮৩। বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় দলের সেই ছবিটা পুরো জাতির জন্য দারুণ অনুপ্রেরণা হয়ে এসেছিল। আমার বয়স মাত্র ১০, স্মৃতিটা আমারও সযত্নলালিত। বাবা-মা আমাকে সেদিন অনেক রাত পর্যন্ত ওই জয় উদ্যাপনের অনুমতি দিয়েছিলেন।
১৯৮৭ সালে বিশ্বকাপের যৌথ স্বাগতিক ছিল ভারত-পাকিস্তান, বিশ্বকাপের সঙ্গে আমিও প্রথম সংযুক্ত হই ওই আসরে। মুম্বাইয়ের ম্যাচগুলোতে বল বয় হিসেবে থাকার সুযোগ পেয়েছিলাম। সুযোগ হলো মাঠে দাঁড়িয়ে ভারতীয় কিংবদন্তিদের দেখার। আমি নিজেকে বলতে লাগলাম, আমাকেও এর অংশ হতে হবে।

১৯৯২ বিশ্বকাপে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আমার বিশ্বকাপ অভিষেক। আগের টুর্নামেন্টগুলোর সেটা অনেক আলাদা ছিল, কারণ ওইবারই প্রথম রঙিন পোশাকে, সাদা বলে খেলা হচ্ছে এবং কালো সাইটস্ক্রিনের ব্যবহার হচ্ছে। বিশ্বকাপে প্রথম দিবা-রাত্রির ম্যাচও সেই প্রথম। অভিষেকটা আমার জন্য স্মরণীয় কিছু ছিল না। ১০ ওভার বল করে উইকেটশূন্য, রবিশাস্ত্রীর সঙ্গে ৬৩ রানের জুটি, আউট হলাম ৩৫ রান করে। ম্যাচটা আমরা ৯ রানে হেরে গেলাম। ভারত নকআউট পর্বে পৌঁছাতে পারল না। আমাদের একমাত্র সান্ত্বনা ছিল পাকিস্তানকে হারানো। ওই ম্যাচেই আমি বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম।
১৯৯৬ বিশ্বকাপটা বিশেষ ছিল, কারণ ওটা যৌথভাবে আয়োজন করেছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আউটটির কারণে আমি পরে অনেক দিন অনুতপ্ত বোধ করেছি, কারণ আমার আউটের পরেই ভারতের ব্যাটিং ধস নেমেছিল। যার ফলাফল, বিশ্বকাপ থেকে বিদায়। দর্শক হয়েই আমাদের অরবিন্দ ডি সিলভার দুর্দান্ত ব্যাটিং দেখতে হলো।
১৯৯৯ বিশ্বকাপ ব্যক্তিগতভাবে আমার জন্য খুব কঠিন ছিল কারণ বিশ্বকাপের মাঝেই আমার বাবা মারা গেলেন। খেলাটায় মনোযোগ দেওয়া আমার জন্য তখন খুব কঠিন ছিল। তখন পর্যন্ত ট্রফি জেতার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলাম ২০০৩ বিশ্বকাপে। পুরো দলটাই খুব দারুণ খেলছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য আমরাও খুব তাঁতিয়ে ছিলাম। হয়তো একটু বেশিই রোমাঞ্চিত ছিলাম, কারণ ফাইনালটা আমরা হারলাম বিশাল ব্যবধানে। তবে ফাইনালে হারের ক্ষতে কিছুটা প্রলেপ হয়ে এল আমার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার।
আমার জন্য ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ ছিল ওয়েস্ট ইন্ডিজে পরের টুর্নামেন্টটা। ওই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি। বিশ্বকাপ ট্রফির জন্য আমার অপেক্ষা বাড়তেই থাকল। মনে আছে, ২০০৯ সালে একবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমি বলেছিলাম, ২০১১ বিশ্বকাপে চাইব এই অপেক্ষার শেষ টানতে। সেটাই হলো। শুরুতে সমর্থকেরা আমাদের পারফরম্যান্স নিয়ে এতটা সন্তুষ্ট ছিলেন না। কিন্তু টুর্নামেন্ট যতই এগোতে থাকল, আমরা ছন্দে ফিরতে শুরু করলাম। অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দলগুলোকে হারিয়ে ফাইনালে গেলাম। শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে নিজের দেশে বিশ্বকাপ জেতা প্রথম দল হলো ভারত। আমাদের ২২ বছরের অপেক্ষা শেষ হলো। ২০১১ বিশ্বকাপের শিরোপা জয় আমার ক্যারিয়ারেরও সবচেয়ে বড় সাফল্য।