শচীনকে আউট করে গালি খেয়েছিলেন শোয়েব
শচীন-শোয়েব দ্বৈরথের কথা কার না জানা!
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারকে দশবার আউট করেছেন শোয়েব আখতার। শচীনকে করা নিজের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছিলেন এই গতিতারকা, তাও আবার ইডেন গার্ডেনের মতো মাঠে। শচীনও ছেড়ে কথা কননি। সুযোগ পেলেই পিটিয়ে ছাতু বানিয়েছেন শোয়েবকে। ২০০৩ বিশ্বকাপে শোয়েবের বলে থার্ডম্যানের ওপর দিয়ে শচীনের ছক্কাটা কে ভুলতে পারে?
এ রকম অনেক ছোট-বড় ঘটনা শচীন-শোয়েব দ্বৈরথের জৌলুশ বাড়িয়েছে। দ্বৈরথের আঁচ পেয়েছে আইপিএলও।
আইপিএলের প্রথম মৌসুমে শচীনকে ‘আইকন প্লেয়ার’ বানিয়ে এনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। ওদিকে বিদেশি খেলোয়াড় হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন শোয়েব আখতার। সেবার কলকাতা-মুম্বাইয়ের মধ্যকার দুই ম্যাচেই হার মেনেছিল কলকাতা। এর মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হওয়া ম্যাচটায় একদম গো-হারা হেরেছিলেন শোয়েবরা। প্রথমে ব্যাট করতে নেমে শন পোলক, ডোয়াইন ব্রাভো, ডমিনিক থর্নলি আর রোহান রাজের তোপে ৬৭ রানেই অলআউট হয়ে যায় কলকাতা। জবাবে ৫.৩ ওভারেই সনৎ জয়াসুরিয়ার ঝড়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।
দল গো-হারা হারলেও শচীনের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ে জিতেছিলেন শোয়েবই। শচীনকে কোনো রান না করতে দিয়ে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছিলেন শোয়েব। কিন্তু মুম্বাইয়ের দর্শকদের কারণে সে সাফল্য-সুখটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারেননি মোটেও। ১৪ বছর পর সেই দিনের কথা স্মরণ করে শোয়েব স্বীকার করেছেন, সেদিন শচীনকে আউট করা ভুল ছিল তাঁর।
স্পোর্টসকিডাকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন সে অভিজ্ঞতার কথা, ‘আমরা অনেক কম রান করেছিলাম। ম্যাচ যখন শুরু হলো, আবহটাই অন্য রকম ছিল। শচীনের শহরে ম্যাচ, মুম্বাইতে। মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার বনাম শোয়েব আখতার দ্বৈরথ দেখা যাবে, এমনকি সেদিন আমাদের মালিক শাহরুখ খানও মাঠে হাজির হয়ে গিয়েছিলেন। শুধু স্টেডিয়ামই নয়, পুরো মুম্বাই শহর যেন ওদিন মানুষে ঠাসা ছিল। ম্যাচ শুরু আগে শচীনের সঙ্গে টুকটাক কথা বললাম, সৌজন্য বিনিময় করলাম।’
কিন্তু শোয়েবের এসব সুখের অভিজ্ঞতাকে আক্ষেপে রূপ দিতে বেশি দেরি করেনি মুম্বাইয়ের দর্শক। প্রথম ওভারে শোয়েব যখন শচীনকে আউট করলেন, তখনই শুরু হলো বিরূপ দর্শকদের গালাগালি। নিজের শহরের সবচেয়ে বড় সন্তানকে যে লোক শুরুতেই আউট করে দিয়েছেন, তাঁর প্রতি মুম্বাই দর্শকদের দয়ামায়াই বা থাকবে কেন!
সেটাই পরে বুঝেছেন শোয়েব, ‘সুন্দর মাঠ ছিল, ম্যাচের আবহটাও চমৎকার। কিন্তু আমি শচীনকে প্রথম ওভারে আউট করলাম, সেটা অনেক বড় একটা ভুল ছিল। এরপর ফাইন লেগে ফিল্ডিং করতে গিয়ে অনেক গালাগালি শুনতে হলো।’ অবস্থা বেগতিক দেখে পরে অধিনায়ক সৌরভ গাঙ্গুলী শোয়েবকে মিড উইকেটে ফিল্ডিং করাতে নিয়ে আসেন, ‘সৌরভ গাঙ্গুলী আমাকে বললেন, মিড উইকেটে ফিল্ডিং করতে চলে এসো, না হয় এ মানুষগুলো তোমাকে মেরে ফেলবে। তোমাকে কে বলেছিল শচীনকে আউট করতে? তাও আবার মুম্বাইয়ে?’