শচীনের ড্রাইভিং বিপত্তি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

গাড়ি চালাতে খুব ভালোবাসেন শচীন টেন্ডুলকার। সুযোগ পেলেই স্টিয়ারিং ধরে বেরিয়ে পড়েন লং ড্রাইভে। মুম্বাই শহরের ছোটখাটো দূরত্বও অতিক্রম করেন নিজে গাড়ি চালিয়েই। ছেলেমেয়েদের স্কুলে আনা-নেওয়া কিংবা স্ত্রী অঞ্জলির সঙ্গে বেড়াতে বের হয়ে নিজে গাড়ি চালাতে পারলে যেন বর্তে যান ক্রিকেট-কিংবদন্তি!
এ গাড়ি চালানোর শখই নাকি তাঁকে একবার ফেলে দিয়েছিল প্রচণ্ড ঝামেলার মধ্যে। নাগপুরে একটি ওয়ানডে ম্যাচে ব্যক্তিগতভাবে দলের সঙ্গে যোগ দিতে গিয়ে সেই বাজে অভিজ্ঞতাটির কথা টেন্ডুলকার জানিয়েছেন হাসতে হাসতেই। মুম্বাইয়ে একটি কার্ট রেসিং ট্র্যাকের উদ্বোধনে গিয়ে টেন্ডুলকার যেন হঠাৎই খুলে দিয়েছিলেন নিজের স্মৃতির ঝাঁপি, ‘আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি। একবার ভেবেছিলাম মুম্বাই থেকে গাড়ি চালিয়েই নাগপুরে গিয়ে দলের সঙ্গে যোগ দেব। কিন্তু বিধি বাম। আমি সেবার যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, সেটা কোনো দিন ভোলার নয়।’
শচীন বলে যান, ‘সেদিন আমার নাগপুরের ফ্লাইট ছিল সকাল ছয়টায়। বাড়ি থেকে বের হতেই সাড়ে পাঁচটার দিকে আমার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সঙ্গে আমার কিটব্যাগ ও অন্যান্য মালপত্র। ফ্লাইট মিস হলে কী হবে, এই চিন্তা করেই আমি তখন বিহ্বল। কীভাবে যে সেদিন বিমানবন্দরে পৌঁছলাম, তা আমিই জানি। কিছুটা পথ রিকশায় করে গিয়ে একটা ট্যাক্সি ধরলাম। সেই ট্যাক্সি নিয়ে বিমানবন্দরে গিয়ে একেবারে শেষ মুহূর্তে বিমান ধরি।’
কার্ট রেসিংয়ের ট্র্যাক উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। গাড়ি চালানোর পাশাপাশি এই কার্ট রেসিংও দারুণ পছন্দ টেন্ডুলকারের। বন্ধু-বান্ধবের সঙ্গে কার্ট রেসিংয়ে নেমে পড়াটা তাঁর অন্যতম শখের বিষয়ই বলা চলে। টেন্ডুলকার চান ভারতে এই কার্ট রেসিংয়ের ব্যাপক প্রসার, ‘আমি চাই ভারতে সব খেলারই প্রসার ঘটুক, কার্ট রেসিংটা বিশেষভাবে। আমরা যদি ফর্মুলা-ওয়ান ড্রাইভারের আবির্ভাব ঘটাতে পারি, তাহলে কার্ট রেসারও তৈরি করতে পারব। এ ব্যাপারে চাই সঠিক পৃষ্ঠপোষকতা।’ সূত্র: পিটিআই