শত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম এক সেঞ্চুরি পেয়ে গেল ভারত। পরশু রাঁচিতে শেষ ওয়ানডেটি জিতেই শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে শততম জয় পেয়েছে ভারতীয়রা। দুদল পরস্পরের বিপক্ষে খেলেছে মোট ১৯০ বার। ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে ৮৩ ওয়ানডে, ১৪ টেস্ট ও ৩টি টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু শ্রীলঙ্কাকেই ১০০ ম্যাচে হারিয়েছে ভারত। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ৪৭৫ ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২১৮ বার হারিয়েছে অস্ট্রেলীয়রা। অস্ট্রেলিয়াকে ১৫৮ বার হারিয়ে এরপরই রয়েছে ইংল্যান্ড। তালিকার তিন থেকে পাঁচেও অস্ট্রেলিয়া। দলটি ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ বার, নিউজিল্যান্ডকে ১১৬ বার ও ভারতকে ১০৮ বার হারিয়েছে। অস্ট্রেলীয়রা দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে ১০২ ম্যাচে। এ ছাড়া পাকিস্তান শ্রীলঙ্কাকে ১০৫ ম্যাচে ও ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ১০২ ম্যাচে হারিয়েছে।