শতক দিয়ে রানখরা কাটালেন নাঈম

রূপগঞ্জের বিপক্ষে শতক করলেন আবাহনীর নাঈমছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানখরায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। অবশেষে বড় স্কোরের দেখা পেলেন মোহাম্মদ নাঈম। ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে শতক পেয়েছেন আবাহনী লিমিটেডের উদ্বোধনী ব্যাটসম্যান।

অফ স্পিনার শরীফুল্লাহর বলে এক্সট্রা কাভারে সিঙ্গেল নিয়ে ১১৩ বলে শতক পূর্ণ করেন নাঈম। এরপরই বেশ উদ্‌যাপনটা করলেন, কিছুটা বুনোই। অনেক অপেক্ষার পর বড় রান পেয়েই হয়তো একটু আবেগী উদ্‌যাপন তাঁর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রান করেছিলেন, পাকিস্তান সিরিজে একটি ৪৭ রানের ইনিংস ছিল এরপর। তবে নাঈম এর পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানের দেখা পাননি একেবারেই। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে জায়গা ধরে রাখলেও ২ ম্যাচ মিলে করেন মাত্র ১৫ রান। জাতীয় দলে জায়গাটাও প্রশ্নবিদ্ধ হয়েছিল এমন পারফরম্যান্সে।

রান খরা কাটালেন দারুণ শতকে
ছবি: শামসুল হক

তবে প্রিমিয়ার লিগে ৫০ ওভারের সংস্করণে হাসল নাঈমের ব্যাট। তাঁর ব্যাটিংয়েই আবাহনী শুরুর চাপ সামলে নিয়েছে মোটামুটি।

সর্বশেষ আফগানিস্তান সিরিজে জাতীয় দলের উদ্বোধনী জুটির সঙ্গী মুনিম শাহরিয়ারের সঙ্গে আজ নামেন নাঈম। তবে মুনিম ফেরেন দ্বিতীয় ওভারেই, শরীফুল্লাহর বলে স্টাম্পড হয়ে। আবাহনী এরপর জাকের আলী, তৌহিদ হৃদয় ও আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকেও হারিয়ে ফেলে ৪৮ রানের মধ্যেই।

পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ৭৭ রান যোগ করেন নাঈম। ৩৭ রান করে মোসাদ্দেক ফিরলেও ষষ্ঠ উইকেটে শামীম হোসেনের সঙ্গে নাঈমের জুটিতে ওঠে আরও ৫৮ রান। এ জুটির পথেই লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম শতকটি পান নাঈম।

নাঈমের শতকে বিপর্যয় সামলেছে আবাহনী
ছবি: শামসুল হক

শেষ পর্যন্ত ১৩২ বলে ১১৫ রান করে আউট হন নাঈম, ফরহাদ রেজাকে তুলে মারতে গিয়ে লং-অনে ক্যাচ দিয়ে। ইনিংসে এ বাঁহাতি মারেন ১০টি চার ও ২টি ছয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনী ৪৬.১ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছিল ২২৪ রান।

দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক, লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে খেলছে গাজী গ্রুপ ক্রিকেটারস।