শতক দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করবেন কোহলি
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভাবা হয় তাঁকে। কেউ কেউ এককাঠি এগিয়ে সরাসরি সেরা ব্যাটসম্যানের খেতাবটাই দিয়ে দেন। বিরাট কোহলির সঙ্গে এই খেতাব মোটেও বাড়াবাড়ি মনে হয় না। বটে! আন্তর্জাতিক ক্রিকেটে যে ব্যাটসম্যান দুই বছর হলো শতকের মুখ দেখেন না, তাঁকে ‘সেরা’ বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না?
কোহলিকে ঘিরে এখন এ প্রশ্নই উঠছে। মুম্বাই টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৪ বল খেলে শূন্য রানে আউট হন ভারতের অধিনায়ক। আউটটি বিতর্কিত হলেও আউট তো আউটই! কোহলির ফর্মকে ঘিরে অবশ্য ভ্রুকুটি জাগছে এর আগে থেকেই। সর্বশেষ ‘ডাক’ সেই ভ্রকুটিকে আরও বড় করল।
বড় মাপের ব্যাটসম্যানরা সাধারণত এসব পরিস্থিতি থেকে বের হয়ে আসেন। কীভাবে? ব্রায়ান লারা কিংবা শচীন টেন্ডুলকারকে মনে করে দেখুন।
বাজে ফর্ম কিংবা সমালোচনার জবাবটা সব সময় ব্যাটেই দিয়েছেন দুই কিংবদন্তি। শতকের চেয়ে বড় জবাব আর কী হতে পারে! কোহলিকে নিয়ে নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুল ঠিক এ কথাই বললেন। একটা শতকই হতে পারে কোহলির নিন্দুকদের মুখ বন্ধ করার কুলুপ।
এই যে শতক না পাওয়া, সেটা কত ইনিংস ধরে কোহলি তা জানেন বলে মনে করেন ডুল। নিউজিল্যান্ডের হয়ে ৩২ টেস্ট ও ৪২ ওয়ানডে খেলা ডুলের ক্যারিয়ার আগেভাগে শেষ হয়েছে চোটপ্রবণতার কারণে। তবে ক্রিকেটটা যে ভালোই বোঝেন, তা টের পাওয়া যায় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে ডুলের জনপ্রিয়তায়।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপচারিতায় কোহলির বাজে ফর্ম নিয়ে কথা বলেন তিনি, ‘বিরাট নিজেও জানে কত ইনিংস ধরে সে শতক পায় না। সে হয়তো বলবে, হিসাবটা রাখিনি। কিন্তু এটা সত্য বলে আমি মনে করি না। শেষ শতকটা সে কবে পেয়েছে, অবশ্যই তা মনে রেখেছে এবং এটাও জানে, সমালোচকদের মুখ বন্ধ করতে চাই আরেকটি শতক। তাই আর সবার মতো সে-ও চাপটা টের পাচ্ছে।’
কোহলি ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় দিবারাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ শতকের দেখা পেয়েছেন। মাঝে যে একদমই রান পাননি তা নয়, পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস আছে। কিন্তু কোহলির মাপের ব্যাটসম্যানরা তাঁদের খেলার মানদণ্ড এত উঁচুতে স্থাপন করেছেন যে শতক না পেলে ফর্মে নেই ভেবে নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়! ডুল সে কথাই বলেন, ‘সে নিজে এই মানদণ্ড স্থাপন করেছে। এটাই সমস্যা। এতটা উঁচুতে নিজেকে নিয়ে গেলে সব সময় তা ধরে রাখা কঠিন। ক্যারিয়ারে অনেকেরই এমন সময় যায়, কোহলির ক্ষেত্রেও তেমন সময় যাচ্ছে। আশা করি, সে এই টেস্ট নয়, পরের টেস্টেই শতক পেয়ে যাবে।’
প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয় ভারত। আজ দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। ভারতের দ্বিতীয় টেস্টে কোহলির শতক পাওয়া মানে বিপদটা নিউজিল্যান্ডের। তাই সম্ভবত এই টেস্টে কোহলির শতক চান না ডুল।