শতক হলো না কুকের

আট বছরের টেস্ট ক্যারিয়ারে নড়বড়ে নব্বইয়ে কখনোই আউট হননি অ্যালিস্টার কুক। আজও মনে হচ্ছিল টেস্ট ক্যারিয়ারের ২৬তম শতকটি পূর্ণই করে ফেলবেন ইংল্যান্ডের অধিনায়ক। কিন্তু প্রথমবারের মতো ৯০-এর ঘরে আটকে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৯৫ রানের মাথায় তাঁকে সাজঘরে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা।
শতক পূর্ণ করতে না পারলেও রানখরা কাটিয়ে সমালোচকদের জবাবটা বেশ ভালোমতোই দিয়েছেন কুক। তাঁর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে সাউদাম্পটন টেস্টে ভালো অবস্থান তৈরি করেছে ইংল্যান্ড। প্রথম দিন শেষে মাত্র দুই উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৪৭ রান।
ভারতের বিপক্ষে আজ শুরুটা ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ২০ ওভারে ৫৫ রান জমা করেছিলেন দুই ইংলিশ ওপেনার স্যাম রবসন ও কুক। ২১তম ওভারে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সামি। ২৬ রান করে সাজঘরে ফেরেন রবসন। তবে দ্বিতীয় উইকেটে ১৫৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ভালো অবস্থায় নিয়ে গেছেন কুক ও গ্যারি ব্যালান্স। কুক না পারলেও ব্যালান্স ঠিকই পূর্ণ করেছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১০৪ রান করে দিন শেষে অপরাজিতই আছেন এই বাহাতি ব্যাটসম্যান। ১৬ রান নিয়ে ব্যাট করছেন ইয়ান বেল।