শততম জয়ের অপেক্ষা বাড়ল

শততম ওয়ানডে জয়ের জন্য একটু অপেক্ষা করাই যায়। কিন্তু সেই অপেক্ষায় যদি রাখে আফগানিস্তানের মতো কোনো দল, এর চেয়ে হতাশার কিছু হয় না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল রাতে সেই হতাশাই উপহার দিল বাংলাদেশ দল। যে ম্যাচ হতে পারত সিরিজ জয়ের, শততম ওয়ানডে জয়ের স্মারক; সেটাই বিঁধে থাকল কাঁটা হয়ে।
তাসকিনের করা শেষ ওভারেও ক্ষীণ সম্ভাবনা ছিল জয়ের। ৬ বলে আফগানদের দরকার ২ রান। প্রথম দুই বল ডট, চতুর্থ বলে উইকেট। কিন্তু তৃতীয় বলটা যে ছিল ওয়াইড! ম্যাচে সমতা আসার পর চতুর্থ বলে দারুণ আক্রমণাত্মক ফিল্ডিং সাজালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফিল্ডারদের মধ্যেও শেষ স্বেদবিন্দু উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা। কিন্তু তাসকিনের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলটাকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি বানিয়ে দিলেন দওলত জাদরান। ২০১৪-এর এশিয়া কাপের পর বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো হারানোর উৎসবে মাতল আফগানরা।
মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ওয়ানডে অভিষেক, সাকিব আল হাসানের আরও একবার জয়ের নায়ক হয়ে ওঠার সম্ভাবনা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচেও ম্লান দেখাচ্ছিল সব। দর্শকেরা বাড়ি ফিরে গেলেন শততম ওয়ানডে জয় দেখতে না পারার হতাশা নিয়ে। ড্রেসিংরুমে চশমার ভেতর দিয়ে চন্ডিকা হাথুরুসিংহের তখন ভাষাহীন দৃষ্টি।
প্রতিপক্ষকে ২০৯ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জিততে বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হতে হয় ত্রুটিহীন। অথচ এক মুশফিকের হাত থেকেই কিনা দুবার বেঁচে গেলেন নজিবউল্লাহ জাদরান! প্রথমে একটা ক্যাচ। সেটা নেওয়া একটু কঠিন হলেও জয়ের জন্য আফগানিস্তান ১৩ রান দূরে থাকতে মোসাদ্দেকের বলে যে স্টাম্পিংটা তিনি মিস করলেন, এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও সেটার কোনো ব্যাখ্যা হয় না।
ব্যাটিংয়ের ভুলগুলোও ছিল চোখে লাগার মতো। বাংলাদেশের ইনিংসের সময় তো অনেকে পরিসংখ্যান নিয়েও ঘাঁটাঘাঁটি শুরু করে দিলেন। আগে ব্যাট করে বাংলাদেশ কবে শেষ দুই শর নিচে অলআউট হয়েছে। খুব বেশি পেছনে যেতে হয়নি। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডেতেই ১৬০ রানে থেমে গিয়েছিল ইনিংস। সেই জ্বালা জুড়াতে সময় লাগেনি বাংলাদেশ সিরিজ জেতায়।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দুই শর নিচে অলআউট হওয়ার জ্বালা জুড়াবে কী দিয়ে? পরে সিরিজ জিতলেও যে লজ্জাটা থেকে যাবে! ২০১১ সালের পর ২৮টি ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশ শুধু গত বছরের ওই ম্যাচেই দুই শর কম করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তা মেনে নেওয়া গেলেও আফগানদের বিপক্ষে মানা কঠিন।
মাঠে একটার পর একটা উইকেট পড়ছে, মাঠের বাইরে চলছে ব্যাটসম্যানদের কচুকাটা করা। সবাই উইকেট দিয়ে আসছে, এভাবে খেলে নাকি, আজ আর হলো না—আরও কত হতাশা! ১৬৫ রানে নবম উইকেট পড়ে যাওয়ার পর তো আর কোনো সংশয়ই থাকল না যে, আফগানরা বাংলাদেশকে দুই শর ঘরে যেতে দিচ্ছে না। শততম ওয়ানডে জয়টাও যাচ্ছে পিছিয়ে।
শেষ উইকেটে মোসাদ্দেক আর রুবেলের ৪৩ রানের জুটি অন্তত দুই শর নিচে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচিয়েছে। মোসাদ্দেকের নির্ভার ব্যাটিং বুঝতেই দিল না এটা তাঁর প্রথম ওয়ানডে। পরে অফ স্পিনেও প্রতিভার ঝলক দেখালেন ২০ বছর বয়সী তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই উইকেট! বাংলাদেশের পক্ষে এই কীর্তি নেই আর কারও। ১০ ওভারে ৩০ রানে ১ মেডেনসহ ২ উইকেট, প্রথম হিসেবে ভালোই বলতে হবে এই বোলিং বিশ্লেষণকে।
১৩৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাকিবের বিদায়ের পর সাব্বিরের সঙ্গে মোসাদ্দেকের জুটির শুরু। প্রথম বলেই দেখলেন অপর প্রান্তে সাব্বির এলবিডব্লু। নিঃসঙ্গ লড়াইয়ে ২০ বছর বয়সী মোসাদ্দেক পেলেন শুধু রুবেলকে। ব্যক্তিগত ৫ রানে শেহজাদের হাত থেকে জীবন পেয়ে ঘরোয়া ক্রিকেটের ফর্মটাকে টেনে আনলেন আন্তর্জাতিক মঞ্চে। চার বাউন্ডারির সঙ্গে দুই ছক্কা। নাভিন-উল-হককে স্কুপ শটে মারা প্রথম ছক্কাতে ঠিকরে বেরোল আত্মবিশ্বাস। পরে দওলত জাদরানের শর্ট বলে আরেকটা ছয় পুল খেলে। ছক্কার সঙ্গে দুটি চারে ওই ওভারেই মোসাদ্দেক নেন ১৪।
কচি কাঁধে প্রথম ম্যাচেই যে দায়িত্ব নিলেন, টপ-মিডল অর্ডারে আরও দু-একজন সেটা নিলে শততম ওয়ানডের জয়ের অপেক্ষাটা হয়তো বাড়ত না। উইকেটে কখনো কখনো শট খেলা কঠিন মনে হলেও অতটা কঠিন ছিল না যে ১৬৫ রানে ৯ উইকেট যাবে। উইকেটের চরিত্র বুঝে না খেলাতেই অমন পরিণতি। দুই ওপেনার তামিম-সৌম্য আউট হয়েছেন খুবই বাজে শট খেলে। মাহমুদউল্লাহ রানআউট থেকে বেঁচে যাওয়ার পরের বলেই বলের লাইনে না গিয়ে প্লেড অন। আরও একবার প্রিয় শট সুইপ খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ মুশফিক। বালাদেশের ব্যাটসম্যানদের ফেরানো বলগুলোর মধ্যে সাকিবকে এলবিডব্লু করাটাই যা একটু ভালো ছিল।
কিন্তু আফগানিস্তানের আসগর স্টানিকজাই আর মোহাম্মদ নবীকে দেখুন। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেটা পারেননি, একটু পরে সেটাই করে দেখিয়েছেন এ দুজন। অথচ তাদের শুরুটা ছিল বাংলাদেশের চেয়েও খারাপ। কিন্তু ৬৩ রানে চার উইকেট পড়ার পর ওই দুজনের ১০৭ রানের জুটি দলকে জয়ের পথ দেখায়। স্টানিকজাই-নবী জুটি বাঁধার সময় ৩৪ ওভার ৫ বলে ১৪৬ রান দরকার ছিল আফগানদের। রান-বলের হিসাব করে ওই উইকেটেই জয়ের তরি এগিয়ে নিয়ে গেলেন দুজনে। নবীর আউটে যখন জুটিটা ভাঙল, আফগানদের জয় তখন দৃষ্টিসীমায়। ১০ ওভার ৫ বলে পাঁচ উইকেট হাতে নিয়ে দরকার ৩৯ রান।
বাংলাদেশের বোলাররা তবু শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলেন খেলা। উইকেটও তুলে নিয়েছেন আরও তিনটি। কিন্তু অল্পের জন্য জয় না পাওয়ার আফসোস এড়ানো গেল না। শততম ওয়ানডে জয় অপেক্ষায় থাকল নার্ভাস নাইনটি নাইনে দাঁড়িয়ে।
বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২০৮
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২১২/৮
ফল: আফগানিস্তান ২ উইকেটে জয়ী