শততম টেস্টে আমলার সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গ টেস্টের আগের ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। ব্যাটিং গড় ছিল মাত্র ১৯.৬। ক্যারিয়ারের শততম টেস্টে অবশ্য ঝলসে উঠল হাশিম আমলার ব্যাট, পেলেন সেঞ্চুরি। তবে এর জন্য ধনঞ্জয়া ডি সিলভাকে ধন্যবাদ জানাতে পারেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ৫ রানে সুরঙ্গা লাকমালের বলে গালিতে ক্যাচ দিয়েছিলেন, সেটি নিতে পারেননি ডি সিলভা। ‘জীবন’ পেয়ে ক্যারিয়ারের শততম টেস্টটি আমলা স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি করে।

১২৫ রান নিয়ে উইকেটে আছেন আমলা। রঙ্গনা হেরাথের একটি বলে চার মেরে ৯৯ থেকে পৌঁছে গেছেন ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরিতে। আর ৭৫ রান করতে পারলে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির প্রথম রেকর্ডটা গড়বেন তিনি। ডাবল পাবেন কি না সেটি পরের কথা, তবে প্রথম দিনেই দলকে ভালো জায়গায় নিয়ে গেছেন। ৩ উইকেটে ৩৩৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫৫ রান করে দিন শেষের আট বল আগে ফিরেছেন ডুমিনি। তৃতীয় উইকেটে ২৯২ রানের জুটি গড়েছেন দুজন। সূত্র: টেন ৩।