শততম টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র কুন্ডু. কলম্বো থেকে
পবিত্র কুন্ডু. কলম্বো থেকে

সূর্যটা গনগনে তাপ ছড়াচ্ছে। পি সারা স্টেডিয়ামে কাল দুপুরে পা রেখে মনে হলো গলের চেয়েও এখানে বেশি গরম। খানিক আগে রোলার চালানো হয়েছে আউটফিল্ডে। তারপর মেশিন চালিয়ে কাটা হলো ঘাস।
এটাও প্রায় খোলা মাঠ। গ্যালারি নেই। তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্রিকেট ক্লাবের সম্পত্তি এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১৫ হাজার। ক্লাব ঘরের দুই পাশের লম্বা বারান্দায় সার সার চেয়ার পাতা। এক পাশে মুরগির খামারের মতো লম্বা একটা শেড। নেটের পাশে দর্শকদের জন্য আরেকটি শেড। পাশে ঘাসে ঢাকা উঁচু একটা জমি, সেখানেও কিছু দর্শকের বসার জায়গা। সবই কিন্তু মাঠের সমান্তরালে। প্যাভিলিয়ন ও প্রেস বক্সই শুধু দোতলা। এ মাঠের দর্শক ধারণক্ষমতা ১৫ হাজার হয় কী করে? শ্রীলঙ্কার সবচেয়ে প্রাচীন ক্রিকেট স্থাপনাটির মাঠ তৈরির দায়িত্বে থাকা মহেশ বুপাগের নিজের কাছেই হিসাবটি যেন একটু গোলমেলে লাগে। ‘আমরা জানি ১৫ হাজারই এখানকার দর্শক ধারণক্ষমতা। তবে সিটিং ক্যাপাসিটি আসলে সাড়ে ৭ হাজার’—বললেন বুপাগে।
এই মাঠে ১৫ মার্চ থেকে বাংলাদেশ খেলবে তার ইতিহাসের ১০০তম টেস্ট ম্যাচ? মনের মধ্যে এই প্রশ্নটি উঁকিঝুঁকি মারতেই পারে। হিসাবটা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের মাটিতেই এটির আয়োজন করতে পারত। তাহলে সত্যিই একটা উৎসব ছড়িয়ে পড়ত দেশের ক্রিকেট মানসে। তা না হলে এই ম্যাচ হতে পারত অন্য কোনো বড় ভেন্যুতে।
আবার পি সারার ইতিহাস যদি আপনি জানেন, তাহলে হয়তো মানবেন বাংলাদেশের উৎসবের জন্য একেবারেই অযোগ্য জায়গা এটি নয়। এই মাঠেই ডোনাল্ড ব্র্যাডম্যান খেলতে নেমেছিলেন তাঁর দল নিয়ে। সেটা ১৯৪৮ সালের কথা, জাহাজে করে ইংল্যান্ড সফরে যাওয়ার পথে কলম্বোয় ছিল স্যার ডনের ‘অজেয়’ দলের যাত্রাবিরতি। সুতরাং স্যার ডনের স্মৃতিধন্য পাইকিয়াসথি সারাভানামুত্তু স্টেডিয়ামে শততম টেস্ট খেলতে নেমে একটু অন্য রকম অনুভূতি মুশফিকদের হবে। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় সিরিজের প্রথম টেস্টটি খেলেছিল এই পি সারাতেই। সেটা ২০০২ সালের জুলাইতে।
অভিজাত ক্লাবঘরের দিকে উঁকি মারলে যে ছবিটি প্রথমেই চোখে পড়ে, সেটি ব্র্যাডম্যানের। তামিল ইউনিয়ন ক্লাবের সেই সময়কার (১৯৪৮) মহাদেবন সত্যশিবমের সঙ্গে মাঠের মাঝখানে দাঁড়িয়ে ব্র্যাডম্যান।
ডোনাল্ড ব্র্যাডম্যান নামটির সংযোগসূত্র কোথাও আছে, এমনটি দেখা গেলে সেটি আলোচনায় আসবেই। ব্র্যাডম্যান তো শুধু ক্রিকেটের প্রবাদপুরুষই নন, তিনি স্বয়ং ক্রিকেট। সে কথা থাক। এই মাঠে মুশফিকরা শুধু বাংলাদেশের শততম টেস্টই খেলতে নামছেন না, এটি তাঁদের ঘুরে দাঁড়ানোরও ম্যাচ। শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে অনভিজ্ঞ দলের কাছে গলে ২৫৯ রানে পরাজয়ের পর বাংলাদেশ এখন কোণঠাসা। ঘুরে দাঁড়াতে হলে ভালো ক্রিকেট খেলে নিজেদের প্রমাণও করতে হবে।
এখানে ঘুরে দাঁড়ানো সম্ভব? প্র্যাকটিস শুরু হওয়ার মিনিট দশেকের মধ্যে ধরা গেল বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। বেশ আশাবাদী মানুষ তিনি। কোনো সময়ই যেন নৈরাশ্য পেয়ে বসে না এই শ্রীলঙ্কানকে। বেশ স্পষ্ট ভাষায় উল্টো প্রশ্নই ছুড়ে দিলেন, ‘কেন নয়?’ তবে ঘুরে দাঁড়ানোর জন্য যে শর্তগুলো তিনি মানেন, সেগুলো বেশ কঠিন, ‘দেখুন আমাদের জিততে হলে ওদের ২০টি উইকেট তুলতে হবে। বোলিংটা খারাপ নয় আরও ভালো হতে হবে। গল টেস্টে আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। ম্যাচের তৃতীয় দিন শুরুটা হয়েছিল খুই বাজে। আমরা স্কোরবোর্ডে বেশি রান জমাতে পারিনি।’
হাথুরুসিংহে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে গেলেন মাঠের মাঝখানে, যেখানে দলের ছয়জনকে নিয়ে স্লিপ ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল। এটি এখন রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ক্লোজ ইন ফিল্ডিং দিয়ে শুরু হয় দলের অনুশীলন। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের খামতিও যে আমাদের খুব ভোগাচ্ছে। বাংলাদেশের অনেক সুযোগ এসে তা হারিয়ে যাচ্ছে ফিল্ডিংয়ের ব্যর্থতাতেও।
কাল ছিল ঐচ্ছিক অনুশীলন। আর তাতে অনিবার্য ছিল ইমরুল কায়েসের উপস্থিতি। দেশ থেকে পরশু কলম্বো এসে অপেক্ষা করছিলেন আগের দুটি টেস্ট খেলতে না-পারা বাংলাদেশের টেস্ট ওপেনার। কাল তাঁর সঙ্গে অনুশীলন করেন ১৭ সদস্যের স্কোয়াডের বাকি পাঁচজন—রুবেল হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, কামরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।
কখনো ঝুঁকে পড়ে, কখনো বসে উইকেট দেখছিলেন হাথুরুসিংহে। তখনই পাশ থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ‘আহ্, হাথু যদি আজ শ্রীলঙ্কান দলে থাকত!’ এই আফসোস দিনেশ মুথুরাজের। তামিল ইউনিয়ন ক্লাবের সদস্য সখেদে এই ক্লাবের সঙ্গে হাথুরুসিংহের সম্পর্ক কত নিবিড় জানালেন, ‘ও (হাথুরু) ১৭ বছর খেলেছে। ওর ক্যারিয়ারই শুরু হয়েছে এই ক্লাবে। ওর মতো ভালো একজন কোচের দরকার ছিল শ্রীলঙ্কার।’
হাথুরুসিংহে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে কেন থাকতে পারলেন না, সেই প্রশ্নের জবাবে একটি কথাই বললেন মুথুরাজ, ‘রাজনীতি। সবই রাজনীতি!’