শততম টেস্টে মোসাদ্দেকের অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম টেস্টে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দেশের ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের।
লিটন দাস অনুশীলনের সময় পাঁজরে আঘাত পাওয়ায় খেলছেন না। এই টেস্টে উইকেটের পেছনে আবারও ফিরছেন মুশফিকুর রহিম। লিটনের জায়গায় দলে ঢুকেছেন সাব্বির রহমান।
বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় খেলছেন চোট কাটিয়ে দেশ থেকে উড়ে যাওয়া ইমরুল কায়েস। তাসকিনকে বসিয়ে দলে নেওয়া হয়েছে একজন স্পিনার—তাইজুল ইসলাম।
নিজেদের এই মাইলফলক টেস্টে অবশ্য টসে জিততে পারেনি বাংলাদেশ। কলম্বোর ঐতিহাসিক মাঠ পি সারা ওভালে বাংলাদেশ নেমেছে ফিল্ডিংয়ে। ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১৮। দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজুর রহমান। প্রথম আঘাতও হেনেছেন তিনি নবম ওভারে। গালিতে মেহেদী মিরাজের ক্যাচ বানিয়েছেন করুণারত্নেকে।