শততম টেস্টের আগে দেখে নিন কোহলির ক্যারিয়ারের ৫ নাটকীয় মুহূর্ত
বিরাট কোহলি তাঁর শততম টেস্ট খেলতে নামছেন শুক্রবার। গত জানুয়ারি মাসে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাই নামবেন দলের সাধারণ সদস্য হিসেবেই। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে ভারতকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। শুধু ঘরের মাঠে নয়, তাঁর নেতৃত্বে ভারত বিদেশের মাটিতেও জিতেছে নিয়মিত। ভারত পরিণত হয়েছে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দলে। তবে একটা আক্ষেপ রয়েই গেছে, তাঁর অধিনায়কত্বে সীমিত ওভারের ক্রিকেটে কোনো টুর্নামেন্ট জিততে পারেনি ভারত।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম শীর্ষ অনুসৃত তারকা কোহলি বিজ্ঞাপনের বাজারেও আকাঙ্ক্ষিত এক নাম। ক্যারিয়ারজুড়ে তাঁর অজস্র অর্জন যেমন আছে, ঠিক তেমনি নানা বিতর্কও সঙ্গী হয়েছে। শততম টেস্ট ম্যাচের আগে তাঁর ক্যারিয়ারের কয়েকটি আলোচিত মুহূর্ত এখানে তুলে ধরা হলো...
প্রথম থেকেই লক্ষ্য শুধু ‘জয়’
২০১৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে হঠাৎই অধিনায়কত্ব করার সুযোগ পান বিরাট কোহলি। দায়িত্ব পেয়েই তিনি দলের মধ্যে ছড়িয়ে দেন জয়ের পেছনে ছোটার বার্তা। অ্যাডিলেডের সেই টেস্টের প্রথম ইনিংসে তিনি ১১৫ রানের এক দারুণ ইনিংস খেলেন। দলের সামনে টেস্টটি জেতার জন্য ৩৬৪ রানের লক্ষ্য ছিল। দ্বিতীয় ইনিংসেও তিনি ১৪১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দলকে প্রায় জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ভারত টেস্টটি হারে ৪৮ রানে।
কোহলি বলেছিলেন, ‘আমি দলের সবাইকে বলেছি, জয়ের জন্য লক্ষ্য যতই থাকুক, আমাদের সেটি তাড়া করার চেষ্টা করতে হবে।’
অস্ট্রেলীয় সাংবাদিককে সেই জবাব
ব্যক্তিত্বটা কেমন, সেটি তিনি আগেই জানান দিয়েছিলেন। ২০১৭ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেটি আরও দুর্দান্তরূপে প্রকাশিত হয়। সেই টেস্টে একটি ডিআরএস নেওয়ার সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকিয়েছিলেন পরামর্শের জন্য। কোহলি বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর কথা ছিল অস্ট্রেলিয়া ডিআরএস নিয়মের অপব্যবহার করেছে। ব্যাপারটি নিয়ে জলঘোলাও হয় বিস্তর। স্টিভ স্মিথ অবশ্য পুরো বিষয়টিকে ‘ব্রেইন ফেড’ বলেছিলেন। পরে এক অস্ট্রেলীয় সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেছিলেন, তিনি স্মিথকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করছেন কি না। কোহলি উত্তর দিয়েছিলেন এভাবে, ‘আমি নই, আপনিই স্মিথকে প্রতারক বলছেন।’
ভারতের অস্ট্রেলিয়া–জয়
কোহলির নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ২০১৯ সালে। যুগের পর যুগ চেষ্টা করে পাওয়া এমন সাফল্যকে অনেকেই ভারতের সেরা সাফল্য বলে উল্লেখ করেছিলেন। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তাঁর ৮২ রানের ইনিংসটি ছিল ২-১ ব্যবধানে সিরিজ জয়ের দারুণ অনুষঙ্গ। এরপর কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ‘কোহলির অধিনায়কত্বই আসলে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যবধানটা গড়ে দিয়েছে।’
এর পরপরই ভারত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ উঠে যায়। পরের তিন বছরও ভারতই ছিল টেস্টে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। ঘরে-বাইরে প্রায় সব প্রতিপক্ষকেই উড়িয়ে দিয়েছে তারা। এ সময় ভারতীয় ফাস্ট বোলাররা হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা।
‘মাইক্রোফোন-বিতর্ক’
এই তো কিছুদিন আগের ঘটনা এটি। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ টেস্ট ছিল সেটি। সেখানেই ডিআরএসের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হন। প্রতিবাদও করে বসেন বেশ দৃষ্টিকটুভাবে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদটি তিনি করেন পিচ মাইক্রোফোনে জোরে এ নিয়ে কথা বলে। কোহলির সঙ্গে ছিলেন ভারতীয় দলে তাঁর সতীর্থরাও। নজিরবিহীন এই ঘটনার জন্য সমালোচনার মুখেও পড়তে হয় কোহলিকে।
অধিনায়ক থাকা, না থাকা
গত অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। ইচ্ছা ছিল ওয়ানডে আর টেস্টে অধিনায়কত্বটা চালিয়ে যাওয়ার। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শেষ টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতবেন—এমন লক্ষ্যই ছিল তাঁর। কিন্তু বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতেই ব্যর্থ হয়। হেরে যায় পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে। বিশ্বকাপের পর হারান ওয়ানডে অধিনায়কত্ব। সেটি তাঁর ইচ্ছার বিরুদ্ধেই। এ নিয়ে বিতর্ক হয় প্রচুর। কিছুদিন পর স্বেচ্ছায় টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন তিনি।