শততম ম্যাচে রোহিত–টেলর পেরেছেন, মুশফিক পারবেন কি
শততম টেস্ট খেলতে আরও বেশ খানিকটা পথ পারি দিতে হবে মুশফিকুর রহিমকে। তবে শততম ওয়ানডে খেলা হয়ে গেছে ১১ বছর আগেই। সে ম্যাচের মতো আজও মুশফিকের ব্যাট চওড়া হয়ে উঠলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ দল। মুশফিকও স্মরণীয় করে রাখতে পারবেন তাঁর মাইলফলকসূচক ম্যাচটি। আজ যে তাঁর শততম টি–টোয়েন্টি ম্যাচ!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে আজ প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে আজ তাঁর মাঠে নামা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। মাঠে নামলে বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক ছোঁবেন মুশফিক। শততম ওয়ানডেও খেলেছেন এই শেরেবাংলা স্টেডিয়ামেই।
২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচটি মুশফিকের ক্যারিয়ারে শততম ওয়ানডে। আগে ব্যাটিং করা বাংলাদেশের দ্বিতীয় ওভারেই উইকেটে আসতে হয় মুশফিককে। দ্বিতীয় ওভারের প্রথম বলে তামিম ইকবাল আউট হন এবং দুই বল পর মোহাম্মদ আশরাফুলও ফিরে গেলে ভীষণ চাপের মুখে পড়েন মুশফিক। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম উইকেটে যথাক্রমে ৪০, ৫৭ ও ৩৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তিনি। এই পথে নিজে খেলেন ১০৯ বলে ৬৯ রানের সময়োচিত ইনিংস। ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। আজ মাঠে নামলে কি তেমন কিছু দেখা যাবে মুশফিকের ব্যাট থেকে?
বাংলাদেশের হয়ে এর আগে শততম টি–টোয়েন্টি খেলেছেন শুধু মাহমুদউল্লাহ। গত বছর সেপ্টেম্বরে এই শেরেবাংলাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল মাহমুদউল্লাহর ক্যারিয়ারে শততম টি–টোয়েন্টি। ৭ বলে ৩ রানে আউট হওয়ায় সে ম্যাচে অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেননি বর্তমান টি–টোয়েন্টি অধিনায়ক।
টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ক্যারিয়ারের শততম টি–টোয়েন্টি তিনি খেলেন ২০১৯ সালে রাজকোটে বাংলাদেশের বিপক্ষে। সে ম্যাচে ৮৫ রানের ইনিংসে ভারতকে ৮ উইকেটের জয় এনে দেন রোহিত। মার্টিন গাপটিলের শততম টি–টোয়েন্টিও বাংলাদেশের বিপক্ষে। গত বছর হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রান করেন নিউজিল্যান্ড ওপেনার।
১২৪ ম্যাচ খেলা শোয়েব মালিক এ সংস্করণে ক্যারিয়ারের শততম ম্যাচটি খেলেছেন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের ১১৬ রানে অলআউট হওয়ার সে ম্যাচে ‘আনলাকি থার্টিন’—১৩ রান করে আউট হন পাকিস্তানি অলরাউন্ডার। আয়ারল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার পল স্টার্লিং গত মাসে জার্মানির বিপক্ষে ক্যারিয়ারের শততম টি–টোয়েন্টিতে ৩৪ রান করেন। আয়ারল্যান্ডের আরেক তারকা ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে শততম ম্যাচে ২৫ রানে আউট হন।
শোয়েব মালিকের মতো পাকিস্তানের আরেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও তাঁর শততম টি–টোয়েন্টিতে ‘আনলাকি থার্টিন’—১৩ রানে আউট হন। গত বছর সে ম্যাচে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে গত বছর ভারতের বিপক্ষে শততম টি–টোয়েন্টি খেলেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। ইংল্যান্ড ম্যাচটা ৮ উইকেটে জেতায় তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। নিউজিল্যান্ড তারকা রস টেলর তাঁর ক্যারিয়ারের শততম ম্যাচটি খেলেন ২০২০ সালে ভারতের বিপক্ষে। ৫৩ রানের ভালো একটি ইনিংস খেললেও জিততে পারেনি তাঁর দল। ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ডও ভারতের বিপক্ষে খেলেছেন নিজের শততম ম্যাচ। ৩ রানে অপরাজিত থেকে হার নিয়ে মাঠ ছাড়েন।
অর্থাৎ ক্যারিয়ারের শততম টি–টোয়েন্টিতে সব খেলোয়াড়ই ভালো পারফর্ম করেননি। কেউ কেউ রান পেয়েছেন। টি–টোয়েন্টিতে সবশেষ চার ইনিংসে রানের মধ্যে নেই মুশফিক। পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে পেয়েছিলেন বিশ্রাম। এই সংস্করণে নিশ্চয়ই রান করতে মুখিয়ে আছেন মুশফিক। তা করতে শততম ম্যাচের চেয়ে ভালো উপলক্ষ্য আর কি হতে পারে!