শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রাখলেন কোহলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন উদ্‌যাপনের সুযোগ কোহলির খুব একটা আসছে না! ছবি: এএফপি
এমন উদ্‌যাপনের সুযোগ কোহলির খুব একটা আসছে না! ছবি: এএফপি
>রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তুলেছিল ১৪৯ রান। জবাবে দিল্লি ক্যাপিটাল ১৮.৫ ওভারে ৬ উইকেটে করেছে ১৫২।

দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শেষ চার ওভার বাকি। আম্পায়ার ঘড়ির দিকে ইশারা করে জানালেন, এখন স্ট্র্যাটেজিক টাইম আউট। আড়াই মিনিটের বিরতি। এক পলক কোহলিকে ধরল টিভি ক্যামেরা। নিরাসক্ত চেহারা। জয়ের জন্য ২৪ বলে ১৮ রান চাই দিল্লির। এখন আর ‘স্ট্র্যাটেজি’ করে কী হবে! ক্রিকইনফোর ধারাভাষ্যে এক আরসিবি–ভক্তই মন্তব্যটা করলেন, ‘দেখেছেন, টিভি সম্প্রচারকেরা এখনো বেঙ্গালুরুর জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ৫ শতাংশ!’

ওখানে থেকে চরম নাটকীয় কিছু না হলে বাকি ৯৫ শতাংশ পাওয়া যায় না। যায়ওনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৫০ রানের লক্ষ্য দিল্লি পেরিয়ে গেছে ৭ বল আর ৪ উইকেট হাতে রেখে। শেষ দিকে ৮ বলে ৩ উইকেট পড়ে যাওয়াতে দিল্লির জয়টা একটু স্লিম দেখাচ্ছে। না হলে কোহলির ৪১ আর মঈন আলীর ঝোড়ো ৩২ রানের দুই ইনিংসে আরসিবির তোলা ৮ উইকেটে ১৪৯ রানের ইনিংসটা অনায়াসেই পেরিয়ে যাচ্ছিল দিল্লি; শিখর ধাওয়ান গোল্ডেন ডাকে ফেরার পরও।

মূল কৃতিত্ব তিনে নামা শ্রেয়াস আইয়ারের। প্রথমে অন্য ওপেনার পৃথ্বী শকে নিয়ে ৬৮ রানের জুটি গড়লেন। এরপর কলিন ইনগ্রামের সঙ্গে তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটি। চতুর্থ উইকেটে ৩৭ রানের জুটি হলো ঋষভ পন্তের সঙ্গে। ৩ উইকেটে ১৪৫, জয়ের জন্য আর দরকার ৫ রান। এমন পরিস্থিতিতেই পরপর তিন ব্যাটসম্যানকে হারাল দিল্লি। না হলে আর তো আরও বড় পরাজয় লেখা ছিল কোহলির কপালে।

এবারের আইপিএলে ৬ ম্যাচে এটি আরসিবির টানা ষষ্ঠ পরাজয়। আইপিএল শুরুই হলো সেদিন, এখনো ৮ ম্যাচ বাকি। তবে কোহলি চাইলে এখনই এই টুর্নামেন্ট থেকে ছুটি নিয়ে নিতে পারেন। সামনে বিশ্বকাপ। প্রায় ২ মাস থাকতে হবে ইংল্যান্ডে। একটু জিরিয়ে নেওয়ার এই তো সুযোগ! এ স্রেফ কথার কথা। সত্যি হলে আনুশকা শর্মা হয়তো সবচেয়ে খুশি হতেন। কোহলির চেহারায় আজই যে অসহায়ত্ব ফুটে উঠছিল, আইপিএলের বাকিটা সময় কীভাবে কাটাবেন? মাঠের বাইরে থেকে তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার আওয়াজটা যে ধীরে ধীরে জোর পেতে শুরু করছে, কীভাবে সামলাবেন?

এভাবে শুরুতেই কোহলির আইপিএল শেষ হয়ে যাবে, কে ভেবেছিল! না, এখনো আশা বেঁচে আছে বেঙ্গালুরুর কিন্তু তা কেবলই গাণিতিক হিসাব। বাকি ৮ ম্যাচের দুটিও কি কোহলিরা হারবেন না? ৮ ম্যাচ হেরে পরের রাউন্ডে যাওয়ার কোনো রেকর্ড আইপিএলেই নেই। আরসিবির সামনে এখন আইপিএলের সবচেয়ে বাজে শুরুর রেকর্ড নিজেদের করে নেওয়ার সুবর্ণ সুযোগ। কোহলি যে বছর নেতৃত্ব পান, সেই ২০১৩ সালেই দিল্লি টানা ৬ ম্যাচ হেরে শুরু করেছিল। শেষে ৯ দলের মধ্যে হয়েছিল অষ্টম।