শতাব্দীর সেরা ডেলিভারি নয়, ওয়ার্ন বেছে নিলেন সেই ফ্লিপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বল অব দ্য সেঞ্চুরি’ পিছিয়েই থাকবে ওয়ার্নের সেই ফ্লিপার থেকে। ছবি: সংগৃহীত
‘বল অব দ্য সেঞ্চুরি’ পিছিয়েই থাকবে ওয়ার্নের সেই ফ্লিপার থেকে। ছবি: সংগৃহীত

শেন ওয়ার্নের সেরা ডেলিভারি কোনটি? এই প্রশ্নের জবাবে অনেকেই চোখ বন্ধ করে বেছে নেবেন ‘বল অব দ্য সেঞ্চুরি’। ১৯৯৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে মাইক গ্যাটিংকে বোকা বানানো সেই আশ্চর্য ডেলিভারিটিকে ক্রিকেটেরই সেরা ডেলিভারি বলেন অনেকে। তবে ওয়ার্ন নিজে ‘বল অব দ্য সেঞ্চুরি’ থেকেও এগিয়ে রাখছেন ওল্ড ট্র্যাফোর্ডের সেই বলটিরও ছয় মাস আগে করা এক ফ্লিপারকে।
ওয়ার্ন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্ন টেস্টে সেই ফ্লিপারটিই বদলে দিয়েছিল তাঁর ক্যারিয়ার। সেই ফ্লিপারটির কারণেই ওয়ার্ন নিজের ওপর আস্থা পেয়েছিলেন, এই প্রত্যয় জন্মেছিল—তাঁর পক্ষে সম্ভব কিংবদন্তি হয়ে ওঠা।
ওয়ার্ন বলেছেন, ১৯৯২ সালের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাই আত্মবিশ্বাসের চূড়ায় নিয়ে যায়, ‘ব্রিসবেনের প্রথম টেস্টটি আমি খেলিনি। ওটা ড্র হয়েছিল। অধিনায়ক অ্যালান বোর্ডার বলেছিলেন, ব্রিসবেনে আমি খেললে নাকি দল জিততে পারত। অধিনায়কের কাছ থেকে এমন কথা শোনা দারুণ ব্যাপার। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দলে ঢুকলাম। প্রথম দিকে তেমন কিছু করতে পারিনি। কিন্তু ম্যাচের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রিচি রিচার্ডসনকে যে বলটাতে আউট করলাম, সেটাই আমার জীবন বদলে দিয়েছিল। ওটাই আমার জীবনের সেরা ডেলিভারি।’

মেলবোর্নে প্রথম চার দিন ওয়ার্ন ক্যারিবীয় ব্যাটিংকে খুব একটা বিব্রত করতে পারেননি। প্রথম ইনিংসে তিনি মাত্র একটি উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ৩৫৯ রান। একপর্যায়ে মাত্র ১ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে ১৪৩ রান তুলে ফেলে। এমন সমই সেই ম্যাজিক বলটি বেরিয়ে এসেছিল ওয়ার্নের হাত থেকে। হুট করে নিচু হয়ে আসা বলটি ধাঁধায় ফেলে দিয়েছিল রিচার্ডসনকে। বোল্ড হয়ে ​ফিরেছিলেন। দলের পতনেরও সেই শুরু।
ওই বলটির আগে বেশ চাপে ছিলেন বলে স্বীকার করেছেন ওয়ার্ন, ‘টেস্টে খুব একটা ভালো করতে পারিনি। অনেকেই আমার ব্যাপারে আশা ছেড়ে দিয়েছিল। বলছিল, এই ছেলেটা মোটেও ভালো নয়। সে নিজেকে প্রমাণ করতে পারেনি। ঠিক এই সময়ই আমি ওই ফ্লিপারটি করি। আমি মনে করি, আমার জীবনের শ্রেষ্ঠ ফ্লিপার ছিল ওটি। ফ্লিপারটি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান রিচার্ডসন।’
রিচার্ডসনের আউট হতবাক করে দিয়েছিল ক্যারিবীয় দলকেও। এখন সাদা চোখে দেখলে আহামরি মনে নাও হতে পারে। তবে ওয়ার্ন ব্যাখ্যা করলেন সেই ডেলিভারির মাহাত্ম্য, ‘ওয়েস্ট ইন্ডিজ দল ভাবছিল বাজে একটা বলে রিচার্ডসন আউট হয়েছে। সত্যি কথা বলতে কি, নব্বইয়ের দশকের শুরুর দিকে ক্রিকেট দুনিয়ায় ফ্লিপার খুব পরিচিত ডেলিভারিও ছিল না। ক্যারিবীয় ক্রিকেটাররা তো ফাস্ট বোলিংয়ের বেশি পারদর্শী। তারা অভ্যস্ত ছিল ফাস্ট বোলিং খেলে।’
রিচার্ডসনকে আউট করার পর ওয়ার্নকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, ‘সে ইনিংসে আমি ৫২ রানে ৭ উইকেট পেয়েছিলাম। অস্ট্রেলিয়া বড় জয় পেয়েছিল। সেদিনের পর থেকে আমি বিশ্বাস করা শুরু করি, যদি আমি টেস্ট পর্যায়ে ভালো বল করি, তাহলে আমি সাফল্য পাব।’
ওয়ার্নকে অবশ্য এরপরও যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। মেলবোর্ন টেস্টের পরের তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ছিল মাত্র ৩। তারপরও তিনি মেলবোর্নের সেই বোলিং পারফরম্যান্সকে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু হিসেবে দেখেন, ‘প্রথম প্রথম মাঠে নামার পর যে–কেউই চায় বিব্রতকর অবস্থায় না পড়তে। এরপর আরও কিছুদিন চলে যায় নিজেকে “ভালো” প্রমাণে। যখনই কেউ বুঝতে পারে, সে যথেষ্ট ভালো, মানসম্মত, কিন্তু তার প্রমাণ রাখতে পারছে না, তখন সে অতিরিক্ত পরিশ্রম করে। সে সময় খুব একটা চাপ কিন্তু থাকে না। রিচার্ডসনকে ফ্লিপার দিয়ে আউট করার দিনটি থেকে পরের ১৫ বছর আমার জন্য ছিল সৌভাগ্যের। এই সময় আমার জীবনে খারাপ দিন খুব বেশি একটা আসেনি।’