শত্রুশিবিরে জার্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসনের রাদারফোর্ড হোটেলে শেন জার্গেনসেন l প্রথম আলো
নেলসনের রাদারফোর্ড হোটেলে শেন জার্গেনসেন l প্রথম আলো

কাল বেলা ১১টার দিকে নেলসনের রাদারফোর্ড হোটেলের ক্যাফেতে আরও দুই ভদ্রলোকের সঙ্গে বসে ওটা কে? শেন জার্গেনসেনের মতো দেখতে না!
কৌতূহল মেটাতে কাছে গিয়ে দেখা গেল, শেন জার্গেনসেন! আরে, বাংলাদেশের সাবেক কোচ এখানে কী করছেন?
বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশ দলে। রিচার্ড পাইবাস পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ। সেই ভূমিকায় এমনই সফল যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে শুধু প্রধান কোচই বানিয়ে দিল না, ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত তিনিই থাকবেন বলে ঘোষণাও দিয়ে দিয়েছিল। ‘মধুচন্দ্রিমা’র সেই প্রহর শেষ হতে বেশি সময় লাগেনি। হঠাৎই পরাজয়ের পর পরাজয়ই হয়ে দাঁড়াল বাংলাদেশ দলের নিয়তি। নানা বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে মতবিরোধও দেখা দিল। গত বছর এপ্রিলে পদত্যাগই করে বসলেন শেন জার্গেনসেন।
মাস খানেকের মধ্যেই খবর এল, জার্গেনসেন ফিজির কোচ হিসেবে যোগ দিয়েছেন। সকালে জার্গেনসেনকে দেখে প্রশ্ন জাগল, তাহলে কি নেলসনে ফিজির কোনো খেলাটেলা আছে? নাকি বিশ্বকাপ দেখতে এসেছেন? তা-ই যদি হয়, বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দেখতে তিন দিন আগে থেকে নেলসনে এসে বসে থাকবেন?
সব প্রশ্নেরই উত্তর মিলল সন্ধ্যায়। কথা বলতে চাইলে নিজের হোটেল রুমেই আমন্ত্রণ জানালেন জার্গেনসেন। সেই আগের মতোই সদালাপী, মুখে হাসি ফুটেই আছে। হাসতে হাসতেই দিলেন বিষম চমকটা, তাঁর নেলসনে আগমন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্কটল্যান্ড দলের পরামর্শকের ভূমিকায়!
আচ্ছা, আপনি তাহলে শত্রুশিবিরে যোগ দিয়েছেন? জার্গেনসেন হাসেন, ‘আরে না, এটা এমন সিরিয়াস কিছু নয়। স্কটল্যান্ড দলের কোচ ও ম্যানেজার আমার পুরোনো বন্ধু। ওরা একটু সাহায্য চাইল, তাই চলে এসেছি।’ ওরা বললেন আর চলে এলেন, ব্যাপারটা এত সরল হতো না যদি জার্গেনসেন নেলসনের কাছেপিঠেই না থাকতেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্বে ফিজি দলকে নিয়ে এসেছিলেন নেলসন থেকে ১১৪ কিলোমিটার দূরের শহর ব্লেনহেইমে। যে বাছাইপর্বে ইতিহাসই গড়েছে তাঁর দল। পাপুয়া নিউগিনি, ভানুয়াতু ও সামোয়াকে হারিয়ে ফিজি প্রথমবারের মতো পেয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিকিট। আগের দিনই শেষ হয়েছে খেলা। দেশে ফিরে ফিজি দল পেয়েছে রাজকীয় সংবর্ধনা। বন্ধুকৃত্য করতে দলের সঙ্গে ফিজিতে না গিয়ে জার্গেনসেন চলে এসেছেন নেলসনে।
বাংলাদেশের খেলোয়াড়দের নাড়িনক্ষত্র তাঁর চেনা। স্কটল্যান্ডকে তাহলে সব গোপন কথা বলে দিচ্ছেন? জার্গেনসেন আবার হাসেন এবং ব্যাপারটা হালকা করে দেখানোর চেষ্টা করেন, ‘এই যুগে কি আর অজানা বলে কিছু আছে! আমি ছেড়ে আসার পর বাংলাদেশ দলে অনেক পরিবর্তন হয়েছে। তা ছাড়া এক-দুই দিনে কি কিছু করা যায় নাকি! ওরা আমার কাছে বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কিছু তথ্য, কার কেমন টেম্পারামেন্ট, বাংলাদেশ দল কীভাবে প্রস্তুতি নেয় ইত্যাদি জানতে চেয়েছে। আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি।’
বন্ধুদের ডাকে সাড়া দেওয়ার আরেকটি কারণের কথাও বললেন, ‘আমি চারটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ছিলাম। কিন্তু বিশ্বকাপে কখনো থাকিনি। ভাবলাম, এই একটা সুযোগ। অনেকের সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে। আফগানিস্তানের কোচ অ্যান্ডি মোলস আমার বন্ধু। আমার পুরোনো দল নিউজিল্যান্ডের (এই দলের বোলিং কোচ ছিলেন জার্গেনসেন) সঙ্গেও দেখা হতে পারে।’ শুধুই স্কটল্যান্ডকে সাহায্য করাই তাঁর বিশ্বকাপে উপস্থিতির কারণ নয় বলে বোঝাতে চেষ্টা করলেন বটে, তবে কারণ আসলে সেটিই। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের পরদিন সকালেই ফিজির ফ্লাইট ধরবেন, সেটিও যে জানিয়ে দিলেন!
বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচই দেখেছেন। যেখানেই থাকেন, বাংলাদেশের সব ম্যাচই দেখার চেষ্টা করেন। খেলোয়াড়দের অনেকের সঙ্গেও যোগাযোগ আছে। বিগ ব্যাশ খেলতে এসে সাকিব তাঁকে টেক্সট মেসেজ পাঠিয়েছেন বলে জানালেন। বাংলাদেশ ছেড়ে এসেছেন, তবে অদৃশ্য একটা বন্ধন এখনো আছে বলে বাংলাদেশ ভালো করলে তাঁর খুব ভালো লাগে। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে তো বাংলাদেশের অমঙ্গল কামনাই করবেন! জার্গেনসেন দাবি করলেন, তিনি নিরপেক্ষ থাকবেন। ম্যাচের ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে বলায় হাঁটলেন নিরাপদ পথে, ‘আমি শুধু বলতে পারি, ভালো একটা ম্যাচ হবে।’ বাংলাদেশ দলও একই হোটেলে। তবে কাল সন্ধ্যা পর্যন্ত খেলোয়াড়দের কারও সঙ্গে জার্গেনসেনের দেখা হয়নি। বাংলাদেশ দলের কেউ জানেই না, ১১ মাস আগেও তাঁদের কোচ এখন শত্রুশিবিরে!
বিশাল এক কেক কেটে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছিল বিসিবি। তার পরও একটু তিক্ততা নিয়েই তো বাংলাদেশ ছাড়া। সেই কথা আর মনে রাখতে চান না জার্গেনসেন। ঘটনা একটু এদিক-ওদিক হলে যে এই বিশ্বকাপে তিনিই বাংলাদেশের কোচ থাকতে পারেন, এটা ভেবেও কোনো আফসোস করেন না। পদত্যাগ করার পর যা বলেছিলেন, এত দিন পরও তা থেকে সরে আসার কারণ দেখছেন না। এটা আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত ছিল না, তা ছিল পুরোপুরিই ক্রিকেটীয়। বাংলাদেশের ক্রিকেট যেভাবে চলছিল, কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিলেন। এখন একটু মজাই পান, যখন দেখেন তিনি চেয়েছিলেন, এমন অনেক কিছুই হচ্ছে। বাংলাদেশ দলে অনেক সাপোর্ট স্টাফ, বিশ্বকাপের দলে তাঁর আলাদা মনোযোগ পাওয়া বেশ কজন খেলোয়াড়।
বাংলাদেশের ক্রিকেট প্রশাসন যেভাবে চলে, এ ব্যাপারে মনে যা-ই থাক, কোনো বিরূপ মন্তব্য সযতনে এড়িয়ে গেলেন। বারবার বললেন, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তাঁর শুধু একটা কথাই মনে হয়, কী দারুণ সুযোগটাকেই না হেলায় নষ্ট করা হচ্ছে! ভবিষ্যতে কোনো একদিন বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এমনিতেও অবশ্য যাওয়া হচ্ছে। আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যে বাংলাদেশেই হবে। বাংলাদেশে এত সব সুখস্মৃতি যে, আবার সেখানে ফেরার কথা ভাবতেই নাকি রোমাঞ্চ বোধ করছেন।
তবে এসব তো ভবিষ্যতের কথা। আপাতত একই হোটেলে বসে স্কটল্যান্ডকে বাংলাদেশকে ঠেকানোর পথ বাতলে দেওয়াতেই ব্যস্ত শেন জার্গেনসেন।