শন ক্যারলরা আশাবাদী
তিন দিনের সফর শেষে পরশু রাতে দেশে ফিরে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধিদল। যাওয়ার আগে সিএর নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরটা হবে বলেই আশার কথা শুনিয়ে গেছে।
এই সফরটা হওয়ার কথা ছিল আসলে ২০১৫ সালে। কিন্তু ওই বছর অক্টোবরে নিরাপত্তা ঝুঁকিকে কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর-ফতুল্লার পর পরশু দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখেছে সিএর প্রতিনিধিদল। বাংলাদেশের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিয়ে প্রতিনিধিদলটির সন্তুষ্টিই ধরা পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ম্যানেজার গেভিন ডোভির কথায়, ‘আরও অনেক কিছু বাকি আছে। তবে আমরা আশাবাদী সফরটা সময়মতো হবে।’
ক্রিকেটারদের সঙ্গে সিএর ঝামেলা কাল পর্যন্ত মেটেনি। আর সেটি না মিটলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সিএর কোনো প্রতিনিধিই নিশ্চিত কিছু বলতে পারেন না। ডোভি বলেছেন দুই বছর আগে স্থগিত হওয়া সফরটা নিয়ে, ‘২০১৫ সালে না আসাটা হতাশাজনক ছিল। খেলোয়াড় ও দলের নিরাপত্তা সব সময়ই আমাদের কাছে অগ্রাধিকার পায়, সফরটা বাংলাদেশেই হোক বা হোক বিশ্বের যেকোনো জায়গায়।’
দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ২৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত, চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর।