শন মার্শ যদি রিভিউ নিতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই সময় রিভিউটা নিলে কি বদলে যেত ম্যাচের ভাগ্য? বলা কঠিন। তবে যতটা সময় ছিলেন, শন মার্শ অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমে আস্থা দিয়ে গেছেন। তিনি থাকলে অন্য রকম কিছু তো হতেই পারত। স্মিথের আফসোসটাও হয়তো সে কারণেই বেশি। এলবিডব্লু হওয়ার পর তাঁর সঙ্গে ভুল-বোঝাবুঝিতেই তো রিভিউ নিলেন না মার্শ!

ঘটনাটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৫তম ওভারে। মার্শের ছেড়ে দেওয়া বল এসে তাঁর প্যাডে লাগল। ভারতের আবেদনের পর আঙুল তুলে দিলেন আম্পায়ার নাইজেল লং। রিভিউ নেবেন কি না, সেই আলোচনা চলল দুই ব্যাটসম্যান মার্শ আর স্মিথের মধ্যে। তারপর রিভিউ না নিয়ে হাঁটা দিলেন মার্শ।

কিন্তু রিপ্লেতে দেখা গেল বল যেত স্টাম্পের অনেক বাইরে দিয়ে। রিভিউ নিলে তাই বেঁচে যেতেন মার্শ। কেন নিলেন না? ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে রহস্যটা খোলাসা করলেন স্মিথ। মার্শকে নাকি তিনি রিভিউ নিতেই বলেছিলেন। কিন্তু মার্শ তা বুঝতে ভুল করেছেন। স্মিথ বলেছিলেন ‘গো’, মানে ‘গো ফর রিভিউ’। কিন্তু মার্শ বুঝলেন, ‘গো’ মানে তাঁকে চলে যেতে বলছেন স্মিথ!

ডিআরএস-বিভ্রান্তিতে কাল পরে আরও একবার পড়েছেন স্মিথ। নিজে এলবিডব্লু হওয়ার পর অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ইশারা করছিলেন রিভিউ নেবেন কি না নিশ্চিত হতে। বুঝতে পেরে বাধা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, বাধা দিয়েছেন আম্পায়ার নাইজেল লংও। স্মিথ রিভিউ নেননি। পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে দুঃখও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘আমি ওদের দিকে তাকিয়ে ছিলাম, হঠাৎ আমার মাথাটা শূন্য হয়ে গিয়েছিল। ওটা করা আমার ঠিক হয়নি।’

এই ব্যাখ্যা অবশ্য মনে ধরেনি কোহলির। ম্যাচ জেতার আনন্দের মাঝেও তাই এ নিয়ে নিজের ক্ষোভটা লুকাননি ভারত অধিনায়ক, ‘কিছু সীমারেখা আছে, যেটা পার করা উচিত নয়। আমি ক্রিকেট মাঠে কখনো এ রকম কিছু করতাম না।’ ইএসপিএন, ক্রিকইনফো।