শনির দশা কাটছেই না আজমলের

কদিন আগেই বোলিং অ্যাকশন-সংক্রান্ত বিষয়ে আইসিসির কড়া সমালোচনা করেছিলেন সাঈদ আজমল। অভিযোগ করেছিলেন, বোলিং অ্যাকশনের বিষয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নীতি একেক জনের ক্ষেত্রে একেক রকম।
এখানে থেমে গেলেও চলত, কিন্তু ভারতীয় অফস্পিনার হরভজন সিংকে ‘চাকার’ হিসেবে অভিহিত করেই আগুনে ঘি ঢেলেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) বিব্রত তাঁর এসব মন্তব্যে। আলটপকা মন্তব্যের জেরে আজমলের সঙ্গে চুক্তিই বাতিল করে দিয়েছে পিসিবি।
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য গত বছর নিষিদ্ধ হয়েছিলেন। অ্যাকশন শুধরে এ বছর এপ্রিলে ফিরেও এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু অ্যাকশনের পরিবর্তন বলের ধার কমে যাওয়ায় বাদ পড়তে হয়েছে পাকিস্তান দল থেকে। হতাশা থেকেই বোধ হয় আটত্রিশ বছর বয়সী এই অফ স্পিনার পক্ষপাতিত্বের দায়ে অভিযুক্ত করেন আইসিসিকে। বলছিলেন, আইসিসি নাকি ইচ্ছে করেই পাকিস্তানি বোলারদের সঙ্গে এ রকম করছে। হরভজন সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন বল ছোঁড়ার। কিন্তু আজমলের এসম মন্তব্য পছন্দ হয়নি পিসিবির। বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন সাঈদের মন্তব্যে হতাশ ও বিব্রত হয়েই তাঁর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
বোর্ডের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টিকে তিনি ‘ন্যূনতম শাস্তি’ হিসেবেই অভিহিত করেছেন।আজমলকে এখন লিখিতভাবে তাঁর মন্তব্যগুলোর ব্যাখ্যা দিতে হবে।
শাহরিয়ার খান বলেন, ‘আজমল যেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে সে জন্য সম্ভব সব ব্যবস্থাই আমরা নিয়েছিলাম। আমরা তাঁকে সহযোগিতা করেছি। তাঁর পাশে থেকেছি। সাকলাইন মুশতাকের মতো বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছি তাঁর জন্য। তারপরেও সে উল্টোপাল্টা কথাবার্তা বলে আমাদের বিব্রত করেছে।’ সূত্র: ক্রিকইনফো