শফিউল-মাহমুদউল্লাহ খেলছেন বাংলাদেশের বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাসেক্স একাদশের টিম মিটিংয়ে শফিউল-মাহমুদউল্লাহ। ছবি: বিসিবির সৌজন্যে
সাসেক্স একাদশের টিম মিটিংয়ে শফিউল-মাহমুদউল্লাহ। ছবি: বিসিবির সৌজন্যে

ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটার ফল আসেনি, ভেসে গেছে বৃষ্টিতে। আজ হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকেরা। এবার তাঁদের প্রতিপক্ষ সাসেক্স একাদশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে স্বাগতিকেরা। 

যেহেতু ঝালিয়ে নেওয়ার ম্যাচ, প্রতিপক্ষ সাসেক্স একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ আর শফিউল ইসলাম। বাংলাদেশ একাদশে খেলছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাশিস রায় ও সানজামুল ইসলাম।
স্ত্রীর অসুস্থতার খবর শুনে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেশে আসায় এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন মুশফিক। আর বিশ্রামে আছেন ওপেনার তামিম ইকবাল। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১ উইকেটে ৫২। ইমরুল ২৭ আর সাব্বির অপরাজিত ১৫ রানে।