শফিউলের সেরা বোলিং, খুলনার সেরা জয়

সেই শফিউল কোথায় হারাল! তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একটা হাহাকার তো আছেই। ‘সেই শফিউল’ মাঝেমধ্যেই এবার নিজেকে চেনাচ্ছেন বিপিএলের এই আসরে। সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট আবারও ফিরিয়ে নিতে এবার ক্যারিয়ার সেরা বোলিং করলেন। ১৭ রানে নিলেন ৪ উইকেট। আর এবারের আসরে বেশ কয়েকবার একটুর জন্য বেঁচে যাওয়া খুলনা টাইটানস তুলে নিল তাদের সেরা জয়। ২২ রানে হারাল বরিশাল বুলসকে।
৬ ম্যাচে এটি খুলনার পঞ্চম জয়। শহীদকে (১২ উইকেট) টপকে শফিউল (১৩ উইকেট) যেমন এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ফিরলেন; খুলনাও ফিরল পয়েন্ট টেবিলের শীর্ষে।
এবারের আসরে শুরু থেকেই নজরকাড়া দলগুলোর দুটি আজ প্রথম মুখোমুখি হলো। খুলনা ও বরিশালের এই লড়াই নিয়ে অন্য আগ্রহও থাকতে পারে অনেকের। এ যে মাহমুদউল্লাহ বনাম মুশফিকের লড়াইও। তাতে মাহমুদউল্লাহ সামনে থেকে নেতৃত্ব দিয়েই জয় এনে দিলেন দলকে। ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ ৪৪ রান করেছেন। ২৮ রানে নিয়েছেন ১ উইকেট। ম্যাচসেরার পুরস্কার পেলেন।
মাহমুদউল্লাহর পাশাপাশি রিকি ওয়েসেলসের ব্যাটে ১৫১ রান তুলেছিল খুলনা। মুশফিক পাল্টা জবাব (২৩ বলে ৩৫) দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শাহরিয়ার নাফীসের ২৮, জীবন মেন্ডিসের ২১ ছাড়া আর কেউ সেভাবে অধিনায়ককে আশা দিতে পারলেন না। সব আশা আসলে গুঁড়িয়ে দিয়েছে শফিউলের ২১টি বল!
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটানস : ২০ ওভারে ১৫১/৭ (ফ্লেচার ৪, হাসানুজ্জামান ১৯, ওয়েসেলস ৪০, মাহমুদউল্লাহ ৪৪, শুভাগত ০, আরিফুল ২৬*, কুপার ১, তাইবুর ১০; তাইজুল ৩-১৮, রুম্মন ১-৩২, আবু হায়দার ০/২৪, এমরিত ১/৩০, ফজলে ০/২০, পেরেরা ১/২৫)
বরিশাল বুলস : ১৯.৩ ওভারে ১২৯/১০ (মেন্ডিস ২১, ফজলে ০, শামসুর ১২, শাহরিয়ার ২৮, মুশফিক ৩৫, পেরেরা ০, নাদিফ ৩, এমরিত ১৪, রুম্মন ৯, আবু হায়দার ২*, তাইজুল ২; মাহমুদউল্লাহ ১/২৮, জুনাইদ ২/২৯, কুপার ১/৩০, শফিউল ৪/১৭, মোশাররফ ২/২৪)
ফল: খুলনা ২২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : মাহমুদউল্লাহ।