শফিকের পর 'বুড়ো' ইউনিসের ভেলকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের টেস্টে জোড়া শূন্যের পর এবার সেঞ্চুরি করলেন আসাদ শফিক। ছবি: এএফপি।
আগের টেস্টে জোড়া শূন্যের পর এবার সেঞ্চুরি করলেন আসাদ শফিক। ছবি: এএফপি।

ইংল্যান্ড সিরিজে কালই কি ব্যাটিংয়ে সবচেয়ে ভালো দিন গেল পাকিস্তানের?

স্কোরবোর্ড কিছুটা ইতিবাচক উত্তর দেবে। ১ উইকেটে ৩ রান নিয়ে দিন শুরু করে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তান শেষ করেছে ৬ উইকেটে ৩৪০ রান নিয়ে। হাতে চার উইকেট রেখেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১২ রানে এগিয়ে মিসবাহ-উল-হকের দল।
কিন্তু শুধু সংখ্যা দিয়ে কি আর সব বোঝা যায়!
শুধু এই সংখ্যাগুলো কী করে বলবে দিনের প্রথম দিকে আজহার আলীর ৯ চারে ৪৯ রানের সাহসী ইনিংসের কথা। কিংবা আগের টেস্টেই জোড়া শূন্যের পর দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানকে এগিয়ে নেওয়া আসাদ শফিকের কথাই–বা কী করে বলবে? বলতে পারবে না ‘বুড়ো’ ইউনিস খানের আরেকবার নিজের জাত চেনানো সেঞ্চুরির কথাও।
বার্মিংহামে আগের টেস্টে দুই ইনিংসে ছয় নম্বরে নেমে দুবারই শূন্য রানে ফেরেন শফিক। ওভালে এই টেস্টে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ‘উত্তরণ’ হলো তাঁর, উন্নতি হলো ব্যাটিংয়েও। যেন ধৈর্যের প্রতিমূর্তি! ১৭৯ বলের ইনিংসটির পুরোটাজুড়ে বেছে বেছে শট খেলেছেন। ৯৯ রানে তো টানা ১৭টি বল ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন। পরীক্ষায় উতরে গেলেন মঈন আলীর বলে মিড অনে এক রান নিয়ে। শেষ পর্যন্ত ফিনের বলে ক্যাচ তুলে শেষ হওয়া ১০৯ রানের ইনিংসটা ৩০ বছর বয়সী পাকিস্তানির ক্যারিয়ারে নবম সেঞ্চুরি।
আগের টেস্টে জোড়া শূন্যের পর এই সেঞ্চুরি দিয়ে পাকিস্তানের মানুষকে ৫৮ বছর আগের একটা স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন শফিক। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে পরপর দুই টেস্টে ব্যাট হাতে এমন ‘বিপরীত-যাত্রা’র এর আগের ঘটনাটি যে সেই ১৯৫৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন সদ্য প্রয়াত কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদের ভাই ওয়াজির মোহাম্মদ।
তবে শফিক নন, সত্যি বলতে, ওল্ড ট্রাফোর্ড ও এজবাস্টনে হেরে যাওয়া আগের দুই টেস্টের চেয়ে এই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিংকে আলাদা করে রাখলেন ইউনিস খান। শফিকের সৌজন্যে দিনের প্রথম দুই সেশনে পাকিস্তান লড়ে যাওয়ার যে প্রত্যয় দেখাচ্ছিল, দিন শেষে সেটিকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করলেন তো ইউনিসই। ৩৮ বছর বয়সী এই ‘বুড়ো’ যেন ইনিংসে প্রতিটি বলের সঙ্গে একটু একটু করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। হয়তো স্ট্রোক ঝলমলে নয়, তবে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দিয়ে গড়া এই ইনিংস। ৯৯ রানে কিছুক্ষণ আটকে ছিলেন তিনিও। নন স্ট্রাইকে আটকে থেকেই দেখলেন দিনের শেষ ভাগে ভয়ংকর হয়ে ওঠা ক্রিস ওকসের শিকার হয়ে ফিরে যাচ্ছেন মিসবাহ (১৫) ও ইফতিখার (৪)। তবে তাতেও অনড় ইউনিস। সেঞ্চুরি তো করলেনই, দিন শেষেও অপরাজিত ছিলেন ১০১ রান করে। আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ইউনিসের সঙ্গী হিসেবে দিন শেষ করা সরফরাজ আহমেদকেও (১৭)।
হাতে এখনো ৪ উইকেট, তৃতীয় দিনের প্রথম সেশনে ‘বুড়ো’ ইউনিস ও সরফরাজের ব্যাটিংই ঠিক করে দিতে পারে পাকিস্তানের ভাগ্য। সূত্র: ক্রিকইনফো।