শরণার্থীরাই জার্মান ক্রিকেটের স্বপ্নসারথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির ওয়ার্ল্ড লিগ ডিভিশন ফাইভে খেলা জার্মান দল l ছবি: জার্মান ক্রিকেট ফেডারেশন
আইসিসির ওয়ার্ল্ড লিগ ডিভিশন ফাইভে খেলা জার্মান দল l ছবি: জার্মান ক্রিকেট ফেডারেশন

বাড়ির পাশের ধূলিধূসর জমি অথবা পরিত্যক্ত খেলার মাঠ। সকাল-বিকেল সেখান থেকে ভেসে আসে ব্যাট-বলের শব্দ। এটি তো বাংলাদেশ, ভারত অথবা পাকিস্তানের কোনো শহর বা গ্রামের গল্প! তা নয়, এই গল্প জার্মানির। জার্মানির বাভারিয়া, বার্লিন আর হেসেনের মতো বিভিন্ন অঞ্চলের আনাচকানাচেও এখন ব্যাট-বলের শব্দ শোনা যায়। জার্মানির সীমানা ছাড়িয়ে এই শব্দ বিশ্ব ক্রিকেটেই ছড়িয়ে পড়ার অপেক্ষায়।

ফুটবল-পাগল দেশ জার্মানি। ক্রিকেটের নামই সেখানে অনেকে শোনেনি। সেই জার্মানিরও একটি জাতীয় ক্রিকেট দল আছে! এবার তারা আইসিসির ওয়ার্ল্ড লিগের ডিভিশন ফাইভে খেলেছে। ডিভিশন ফোরে উন্নীত হতে না পারলেও জার্মানির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ব্রায়ান ম্যান্টল একটা স্বপ্ন দেখছেন। অদূর ভবিষ্যতে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট খেলবে জার্মানি।

১৯৯১ সালে আইসিসির অনুমোদিত সদস্যপদ পায় জার্মানি। ২০০১ সালে প্রথম ও শেষবারের মতো খেলেছে আইসিসি ট্রফিতে। এই দলই আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট খেলার স্বপ্ন দেখে কীভাবে? ম্যান্টলকে স্বপ্ন দেখাচ্ছে মূলত জার্মানিতে শরণার্থী হয়ে আসা এশিয়ানরা। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান থেকে জার্মানিতে শরণার্থী হয়ে আসা হাজার হাজার মানুষ ক্রিকেটের দ্রুত প্রসার ঘটাচ্ছে জার্মানিতে। জার্মানির জাতীয় ক্রিকেট দলের অধিনায়কও বাইরের দেশের। ভারতের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঋষি পিল্লাই।

জার্মানিতে ক্রিকেটের প্রসার কতটা দ্রুত হচ্ছে, সেটা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। জার্মানির ক্রিকেট বোর্ডের হিসাব বলছে, ২০১২ সালে দেশটিতে ৭০টি ক্রিকেট ক্লাব ছিল। আর ক্লাবগুলোয় খেলত ১৫ হাজারের মতো ক্রিকেটার। আর বর্তমানে ২২০টি ক্লাবে রয়েছে ৫ হাজার ক্রিকেটার। ম্যান্টল বলেছেন, বিভিন্ন দেশ থেকে আসা মানুষের জন্য জার্মান সরকার কাজ আর শিক্ষার ব্যবস্থা করতে পারছে না। তাদের হাতে অফুরন্ত সময়। আর সেই সময়টা তারা ব্যয় করছে ক্রিকেটের পেছনে। ম্যান্টল বলে চলেন, ‘এখানে অভিবাসীদের প্রায় ৯৫ শতাংশ এশীয়। এদের বেশির ভাগই শরণার্থী। ইউরোপের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি ক্রিকেটার পাচ্ছি আমরা।’

ম্যান্টলেরই দেওয়া তথ্য, জার্মানির ক্রিকেটারদের বেশির ভাগই আফগান, ‘শত শত আফগান তরুণ এসেছে। যাদের বেশির ভাগই ফাস্ট বোলার। কেউ কেউ আবার স্পিনারও। এরা বছর দুয়েকের মধ্যেই জার্মানির হয়ে খেলার যোগ্যতা অর্জন করবে।’ জার্মানির জল-হাওয়ায় বেড়ে উঠছেন আফগান এই অভিবাসীরা। ভোগ করছেন সুযোগ-সুবিধা। দেশটির হয়ে খেলার যোগ্যতা অর্জন করলে এর কিছু ফিরিয়ে দিতে পারবেন। সানি নামের এক ক্রিকেটারও সেই স্বপ্নই দেখছেন, ‘জার্মানির হয়ে আমি যদি কিছু করতে পারি সেটা ক্রিকেট খেলা। ফুটবলে জার্মানি সেরা। একদিন ক্রিকেটেও সেরা হবে।’

শরণার্থী নিয়ে একবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছিলেন, এই সমস্যাটা জার্মানিকে বদলে দিতে পারে। কিন্তু সেই বদল যে এমন ইতিবাচক হবে, সেটা হয়তো তিনি ভাবতেও পারেননি! বিবিসি, জি নিউজ।