শরীফের ব্যাটে এগিয়ে মধ্যাঞ্চল
পরশু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কাল আর বৃষ্টি হয়নি। তবে আগের দিনের বৃষ্টির প্রভাবে কালও পুরো খেলা হতে পারেনি না বগুড়া ও রাজশাহীতে, দিনের খেলা শুরু হতে হতেই দুপুর পার।
তবে এরই মধ্যে রাজশাহীতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে চাপে ফেলে দিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে মধ্যাঞ্চল অলআউট হয়েছে ৩৮১ রানে। এরপর ৮১ রানেই প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়েছে দলটি। ৩০০ রানে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চলকে ফলোঅন এড়াতেই করতে হবে আরও ১৫০ রান।
বেলা ১টায় দিনের খেলা শুরু হওয়ার পর দ্বিতীয় বলেই তানভীর হায়দারকে হারায় মধ্যাঞ্চল। দলটির ইনিংসের পরের অংশটা পুরোপুরিই শরীফউল্লাহময়। আগের ম্যাচেই ক্যারিয়ারের প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরি পাওয়া শরীফ কাল দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিতে পারেননি ৯ রানের জন্য। ৯৪ বলে ১০ চার ও ১ ছয়ে ৯১ রান তাঁর। শরীফকে ভালো সঙ্গ দিয়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান শহীদুল ইসলাম। শরীফ-শহীদের নবম উইকেটে যোগ হয়েছে ৬৫ রান। প্রথম ম্যাচে ১১ উইকেট নেওয়া দক্ষিণের অধিনায়ক আবদুর রাজ্জাক এবার নিয়েছেন ৫ উইকেট।
রাজশাহীতে কাল খেলা হয়েছে ৬৪.২ ওভার, কিন্তু বগুড়ায় মাত্র ২৬.১ ওভার। ৮ রানেই ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের শেষ ২ উইকেট তুলে নিয়ে বিসিবি উত্তরাঞ্চল দিন শেষ করেছে ৩ উইকেটে ৫৯ রানে।
সংক্ষিপ্তস্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল, বগুড়া
পূর্বাঞ্চল: ৮৩.১ ওভারে ২১৪ (তাসামুল ৪৫, লিটন ৪৩, সাদমান ৩৩, মুমিনুল ৩১, হাসান ২৪; সানজামুল ৩/৩৩, নাসির ২/২৯, শুভাশিস ২/২৯, মাহমুদুল ২/৫৮)। উত্তরাঞ্চল: ১৯ ওভারে ৫৯/৩ (জুনায়েদ ২৮*, ফরহাদ হোসেন ১৯; হাসান ২/২৯)।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, রাজশাহী
মধ্যাঞ্চল: ৯৯.৪ ওভারে ৩৮১ (শামসুর ১০৩, শরীফউল্লাহ ৯১, শুভাগত ৮৩, শহীদুল ৩২*, তানভীর ২৩; রাজ্জাক ৫/১৩৪, আসিফ ২/৪৮, রবিউল ২/৭২)। দক্ষিণাঞ্চল: ২৮ ওভারে ৮১/৩ (তুষার ৩৩, ফজলে ৩২; শুভাগত ২/২৫)।