শরীফের হ্যাটট্রিক, চার বলে পড়ল চার উইকেট!

জাতীয় দলে একসময় খেলতেন। ১০টি টেস্ট আর ৯টি ওয়ানডে খেলেছেন। তা-ও ২০০৭ এর জুলাইয়ের পর থেকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাঁকে। তবে জাতীয় লিগগুলোতে সব সময়ই নিয়মিত ছিলেন মোহাম্মদ শরীফ। আজ মিরপুরে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে হ্যাটট্রিক করে আরও একবার নিজেকে মনে করিয়ে দিলেন জাতীয় দলে প্রায় ভুলে যাওয়া পেসার।
সুপার লিগের সম্ভাবনা উজ্জ্বল করতে এই ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণ নিয়েই খেলতে নেমেছিল মাহমুদউল্লাহর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুরুটা ভালোও করেছিল। বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ ছিল ম্যাচ, কিন্তু শেখ জামাল আসলে ভেসে গেল মোহাম্মদ শরীফের চারটি বলে। হ্যাটট্রিক ও একটি রান আউট নিয়ে একাই শেখ জামালের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স পেসার।
আবদুল্লাহ আল মামুনের ফিফটির পর মাহমুদউল্লাহর ৩০ রানে ভালো কিছুরই ইঙ্গিত ছিল শেখ জামালের ইনিংসে। ৩৪তম ওভার যখন শুরু হলো, তখনো মাহমুদউল্লাহর দলের রান ৩ উইকেটে ১৪৮। তখন কে জানত, চিত্রটা মাত্র এক ওভারেই এমন বদলে যাবে!
তখনো পর্যন্ত ৫ ওভার বল করে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোহাম্মদ শরীফ। কিন্তু নিজের ষষ্ঠ ওভারেই সব হিসেব বদলে দিলেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৯টি ওয়ানডে খেলা এই পেসার। প্রথম দুই বলে এল মাত্র এক রান, তৃতীয় বলে শেখ জামালকে দিলেন প্রথম ধাক্কা। সবচেয়ে বড় ধাক্কাও সম্ভবত সেটিই। সাঈদ আনোয়ারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন শেখ জামাল অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের সবচেয়ে বড় ভরসাকে হারানোর ধাক্কাটা কাটানোর সময়ও পেল না ধানমন্ডির দলটি, পরের বলেই বোল্ড এতক্ষণ মাহমুদউল্লাহকে সঙ্গ দিয়ে যাওয়া জাবিদ হোসেন। পরের বলে নাজমুস সাদাতও আউট এলবিডব্লুতে। টানা তিন বলে তিন উইকেট। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের প্রথম হ্যাটট্রিক দেখল মিরপুরের মাঠ।
শেখ জামাল অবশ্য দুঃস্বপ্ন দেখল পরের বলেও। তবে এবার অবশ্য শরীফের কৃতিত্ব নয়, রান আউট হয়ে গেলেন মুক্তার আলী। মাত্র চার বলে শেখ জামালের স্কোরটা ১৪৮/৩ থেকে হয়ে গেল ১৪৮/৭! যে মিডল অর্ডার ম্যাচে ভরসা দেওয়ার কথা ছিল, সেটিই তুলোর মতো বাতাসে ভেসে গেল শরীফের চার বলে।
এরপর আরও দুটি উইকেট পড়েছে শেখ জামালের, একটি শরীফের, অন্যটি রান আউট। বৃষ্টিতে ম্যাচটা ৩৮ ওভারেই থেমে না গেলে, কে জানে, হয়তো ইনিংসে পাঁচ উইকেটও হয়ে যেত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামাল ৩৮ ওভারে করেছে ৯ উইকেটে ১৬৮। জবাব দিতে নেমে ৩ ওভারে কোনো উইকেটে না হারিয়ে ১৫ রান করেছে গাজী গ্রুপ।