শরীফের হ্যাটট্রিক-ম্যাচের বাকিটুকু কাল

মোহাম্মদ শরীফের হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১৬৮ রানে আটকে রাখতে পারলেও অপেক্ষায় থাকতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডেতে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে খেলার বাকিটুকু।
শেখ জামালের ইনিংসেই শুরু হয়েছিল বৃষ্টির উৎপাত। ফলে দুই দফা বন্ধ রাখতে হয় খেলা। দ্বিতীয় দফায় আড়াই ঘণ্টা বন্ধ থাকায় ম্যাচটি হয়ে দাঁড়ায় ৩৮ ওভারের। তাতে মোহাম্মদ শরীফ করেন হ্যাটট্রিক, শেখ জামাল করতে পারে ৯ উইকেট ১৬৮ রান। আবদুল্লাহ আল মামুনের ব্যাট থেকে আসে ৬৯ রান। মাহমুদউল্লাহ ৩০ ও জয়রাজ শেখ ২৮ রান করেন।
কবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ১৯৬। ১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ রান তোলার পর বৃষ্টি আর খেলা শুরু হতে দেয়নি। এনামুল হক ৩৬ ও অলক কাপালি ১৪ রানে অপরাজিত থাকেন। জিততে হলে গাজী গ্রুপকে ২১.৫ ওভারে করতে হবে ১১৩ রান।