শরীফের ৬ উইকেট, ফরহাদের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা করেছিলেন মোহাম্মদ শহীদ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপারের ক্যাচ বানিয়েছিলেন বিসিবি উত্তরাঞ্চলের ওপেনার মাইশুকুর রহমানকে। সেই শুরু, এরপর কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সারা দিনই দাপট দেখেছে ওয়ালটন মধ্যাঞ্চলের দুই পেসার শহীদ ও মোহাম্মদ শরীফের। শহীদ নিয়েছেন ৩ উইকেট, শরীফ ৬। তবে উত্তরাঞ্চলও খারাপ করেনি, ৯ উইকেট হারিয়ে প্রথম দিন শেষে তুলেছে ৩০৮ রান।
এই রানের ২০১ রানই করেছেন ফরহাদ হোসেন ও সানজামুল ইসলাম। প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পাওয়া ফরহাদ ২৩৮ বলে করেছেন ১৩১ রান। ১৩১ রানের সপ্তম উইকেট জুটিতে ফরহাদের সঙ্গী সানজামুল করেছেন ৯৯ বলে ৭০। দুজনই শিকার জাতীয় দলের সাবেক পেসার শরীফের। শরীফ এই নিয়ে ৬ বার ইনিংসে ৬ উইকেট পেলেন।
ফতুল্লায় বিসিএলের অন্য ম্যাচে রান কম উঠলেও প্রাধান্য ছিল ব্যাটসম্যানদেরই। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাত্র ৩ উইকেট হারিয়েই ২৬৪ রান তুলেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ১১৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করে আউট অধিনায়ক মুমিনুল হক। এ ছাড়া ফিফটি পেয়েছেন ওপেনার লিটন দাস (৫১) ও অভিজ্ঞ অলক কাপালি (৬২*)।