শর্ট বলকে স্মিথের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় তারকাকে কাছে পেয়ে গেলে যা হয়। অনুশীলনের ফাঁকেই ভক্তদের সেলফির আবদার মেটাতে হলো স্টিভেন স্মিথকে। কাল সিডনিতে l শামসুল হক
প্রিয় তারকাকে কাছে পেয়ে গেলে যা হয়। অনুশীলনের ফাঁকেই ভক্তদের সেলফির আবদার মেটাতে হলো স্টিভেন স্মিথকে। কাল সিডনিতে l শামসুল হক

অ্যাডিলেডের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে সপ্তাহ হতে চলল। পাকিস্তান দল দেশে ফিরে গেছে। আজ সেমিফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। কিন্তু ওই ম্যাচের টুকরো কিছু ছবি তরতাজা এখনো। ওয়াহাব রিয়াজের সেই স্পেল! শর্ট লেগে ফিল্ডার নিয়ে শর্ট বলে আউট করলেন মাইকেল ক্লার্ককে, একের পর এক শর্ট বলে হাবুডুবু খাচ্ছেন শেন ওয়াটসন, বাউন্সারে নড়বড়ে অস্ট্রেলিয়ান ব্যাটিং। সেই অস্ট্রেলিয়াই আজ মুখোমুখি এমন এক দলের, শর্ট বলে যে দল এই বিশ্বকাপে নিয়েছে সবচেয়ে বেশি উইকেট—ভারত!
শর্ট বলে এবার সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ভারত, এটিকেই বলা চলে ক্রিকেট-বিশ্বের মহাবিস্ময়। কিন্তু এটি এই বিশ্বকাপের সবচেয়ে বড় সত্যি। টানা ৭ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত। এই দুরন্ত যাত্রায় বড় অবদান তিন পেসারের। ৫৮টি শর্ট বলে ৬ উইকেট মোহাম্মদ শামির। উমেশ যাদব ৪৪টি বাউন্সারে নিয়েছেন ৫ উইকেট। আরেক পেসার মোহিত শর্মার গতি এই দুজনের চেয়ে কম, কিন্তু শর্ট বল তাঁরও একটি অস্ত্র। পাকিস্তানের বিপক্ষে শর্ট বলে অস্ট্রেলিয়ানদের দুর্দশা দেখে ভারতের পেস ব্যাটারি আজও এটিকেই করতে পারে মূল হাতিয়ার। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক তো বলেই দিয়েছেন, শর্ট বলে অস্ট্রেলিয়ানদের দুর্বলতা বেরিয়ে এসেছে ওই ম্যাচে।
এসব শুনে হাসছেন স্টিভেন স্মিথ। ছেলেবেলা থেকে শক্ত, বাউন্সি উইকেটে খেলে বেড়ে ওঠা অস্ট্রেলিয়ানরাই নাকি শর্ট বলে দুর্বল! তা ছাড়া যুগ যুগ ধরে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে খেলার আগে প্রতিপক্ষই তো শর্ট বল নিয়ে থাকত দুর্ভাবনায়। অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক তাই চ্যালেঞ্জটা নিয়েছেন হাসিমুখেই। পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ভারতীয় পেসারদের, যা পরোক্ষে একটা হুমকিও, ‘শর্ট বল আমাদের মাথাব্যথার কারণ হবে? আমার একটুও মনে হয় না। গত ম্যাচে জনা দুয়েক ব্যাটসম্যান শর্ট বলে আউট হয়েছে বটে, কিন্তু ক্রিকেটে তো এটা হয়েই থাকে। কোনো না কোনোভাবে ব্যাটসম্যান আউট হয়েই থাকে। তার মানে এই নয় যে আমরা শর্ট বল খেলতে পারি না। আমাদের ধারণা, ওরা হয়তো একটু শর্ট বল করতে পারে আমাদের। করলে সেটি ওদের নিজ দায়িত্বেই করা উচিত। আমাদের জন্য বরং ভালোই হবে, দ্রুত কিছু বাউন্ডারি পাওয়া যাবে!’
স্মিথ নিজেই পুল শট দারুণ খেলেন। ওয়ার্নার-ফিঞ্চ-ক্লার্ক-ম্যাক্সওয়েল-ওয়াটসন, শর্ট বলে এঁদের কারও তেমন দুর্বলতা আছে বলে ফুটে ওঠেনি কখনো। শামি-যাদবরা চ্যালেঞ্জটা কীভাবে নেন, সেটিই আজ দেখা যাবে। ক্রিকইনফো, সিডনি মর্নিং হেরাল্ড।