
এদিকে রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি, ওদিকে অ্যারন ফিঞ্চের ৯৬। ব্যাট হাতে আলো ছড়ালেন দুই দলের দুই ওপেনার, কিন্তু ব্যবধান গড়ে দিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের ওয়ানডে ক্যারিয়ার-সেরা বোলিংয়ে বিফলে গেল রোহিতের সেঞ্চুরি, ফিঞ্চ পেলেন ম্যাচ জয়ের স্বাদ। ভারতকে ৪ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া পেল ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয়।
২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটি দেয় ৫১ রান। উমেশ যাদবের বলে ওয়ার্নার ২৪ রানে ফিরে গেলেও শেন ওয়াটসনকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন ফিঞ্চ। সবচেয়ে বড় জুটিতে ফিঞ্চের সঙ্গী ছিলেন অবশ্য স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে এ দুজনের ১০১ রানের জুটির পর হঠাৎই খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ২১৯ থেকে ৩ উইকেট হারিয়ে ৬ উইকেটে ২৪৮ হয়ে যায় জর্জ বেইলির দল। ফিঞ্চ, বেইলি ও ম্যাক্সওয়েল পর পর ফিরে গেলে জমে ওঠে ম্যাচ। তবে ভারতের জেগে ওঠার আশাটিকে নিভিয়ে দেয় হাডিন-ফকনার অসমাপ্ত সপ্তম উইকেট জুটি।
এর আগে ব্যাটে-বলে মূল লড়াইটা হয়েছে শর্মার সঙ্গে স্টার্কের। আগের দিন ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া স্টার্ক কাল আরও বেশি ভুগিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের। তাঁর গতি ও বাউন্সের মুখে একে একে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, অক্ষর প্যাটেলরা ফিরে গেলেও এক পাশে অবিচল ছিলেন রোহিত। অস্ট্রেলিয়ান বোলারদের শাসন করে ভারতীয় ওপেনার খেলেছেন ১৩৯ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস। মেলবোর্নে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসও এটি। শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ বানিয়ে শর্মাকে ফিরিয়েছেন স্টার্কই। সব মিলিয়ে কাল ৪৩ রানে ৬ উইকেট স্টার্কের। শুধু নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংই নয়, ঘরের মাঠে কোনো অস্ট্রেলিয়ান বোলারের সেরা পারফরম্যান্সও এটাই। ছাড়িয়ে গেছেন সিডনিতে ১৯৮১ সালে ভারতের বিপক্ষেই ১৫ রানে ৫ উইকেট পাওয়া গ্রেগ চ্যাপেলকে। মিচেল জনসনের অনুপস্থিতিতে বল হাতে অস্ট্রেলিয়ার বড় আস্থা হয়ে ওঠা স্টার্ক কাল টানা দ্বিতীয়বারের মতো হয়েছেন ম্যাচসেরাও। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৬৭/৮ (রোহিত ১৩৮, রায়না ৫১, ধোনি ১৯; স্টার্ক ৬/৪৩, সান্ধু ১/৫৮, ফকনার ১/৬৩)।
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৬৯/৬ (ফিঞ্চ ৯৬, স্মিথ ৪৭, ওয়াটসন ৪১; যাদব ২/৫৫, ভুবেনশ্বর ১/৪৪, সামি ১/৪৪, প্যাটেল ১/৪৫)।
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক।