শহীদ জুয়েল-মুশতাককে ভালোভাবে চিনুক এই প্রজন্ম

শহীদ জুয়েল, শহীদ মুশতাকে আরও ভালোভাবে চিনুক এই প্রজন্মফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হালিম চৌধুরী জুয়েল। একজন ক্রিকেটারের নাম।

মুশতাক হোসেন। একজন সংগঠক।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই দুটি নাম। এই দুটি নাম জড়িয়ে আছে বাংলাদেশের খেলাধুলার ইতিহাসের সঙ্গে। জুয়েল স্বপ্ন দেখেছিলেন একদিন বাংলাদেশের হয়ে টেস্ট খেলার। আর মুশতাক স্বপ্ন দেখতেন অজস্র প্রতিভাবান ক্রিকেটার তৈরি করে বাংলাদেশকে ক্রিকেট বিশ্বে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার।

স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি জুয়েল-মুশতাকের কেউই। হায়েনা পাকিস্তানি বাহিনী সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। জুয়েল মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা। দুর্ধর্ষ গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুনের অন্যতম এই যোদ্ধা প্রাণ দিয়েছিলেন পাকিস্তানি হায়েনাদের নির্মম নির্যাতনে। ক্র্যাক প্লাটুনের হয়ে অসাধারণ বীরত্বের জন্য তিনি ‘বীরবিক্রম’ উপাধিও পেয়েছেন। মুশতাককে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত্রিতে তাঁর প্রিয় আজাদ বয়েজ ক্লাব প্রাঙ্গণে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা।

শহীদ জুয়েল ও মুশতাকের নামে প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে আয়োজিত হয় প্রীতি ক্রিকেট
ছবি: শামসুল হক

স্বাধীনতাযুদ্ধে তাঁদের আত্মদানকে চিরস্মরণীয় করে রাখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুটি গ্যালারির নামকরণ হয়েছে এই দুই বীরের নামে। ‘শহীদ জুয়েল স্ট্যান্ড’ ও ‘শহীদ মুশতাক স্ট্যান্ড’ নামের এই দুটি গ্যালারি যেন জুয়েল আর মুশতাকের প্রতি বাংলাদেশের ক্রিকেট, সর্বোপরি খেলার জগতেরই নীরব কৃতজ্ঞতা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই উদ্যোগকে আরও ফলপ্রসূ করার আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। তারা মনে করে, মিরপুর স্টেডিয়ামের এ দুটি গ্যালারির প্রবেশমুখে দুজনের আত্মোৎসর্গের ইতিহাসটা কোনো ফলকের মাধ্যমে সযত্নে সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম তাঁদের সম্পর্কে আরও ভালো করে জানতে পারবে।

বিসিএসএ আবদুল হালিম চৌধুরী জুয়েলের নামে ‘৭১’ নম্বর জার্সি সংরক্ষণের আবেদনও জানিয়েছে।