শহীদের আফসোস 'নো বল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনটা আরও ভালো হতে পারত শহীদের। ছবি: শামসুল হক
দিনটা আরও ভালো হতে পারত শহীদের। ছবি: শামসুল হক

বিকেলের মরে আসা আলোয় চারপাশের সব কিছু কেমন অনুজ্জ্বল, ম্লান লাগে। প্রকৃতির রূপ বদলের এ সময়ে দিনের ঔজ্জ্ব​ল্যের ঘাটতি থাকবেই। রাতের আঁধার যে তখন তাকে আহ্বান জানায়। মোহাম্মদ শহীদের মুখটাও প্রকৃতির মতোই ম্লান লাগছিল। ২১ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট। দিনের সেরা বোলার। তার পরও শহীদের মন খারাপ হতেই পারে। দিনটা যে তাঁর আরও ভালো হতে পারত! ভাগ্যটাই পাশে ছিল না।
টেস্টে অভিষেক হয়েছে আগের ম্যাচেই। ব্যাটিং-সহায়ক খুলনার উইকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও বুঝিয়ে দিয়েছিলেন, মরা উইকেটেও ঠিক জায়গায় অক্লান্ত বল ফেলে যাওয়ার ক্ষমতা আছে তাঁর। আজ মিরপুরের উইকেট পেসারদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সকালেই। উইকেটের চরিত্র পড়ে ফেলেই অধিনায়ক মুশফিকুর রহিম বল তুলে দিয়েছিলেন পেসারদের হাতে। চোট শাহাদাত হোসেনকে ছিটকে দিলেও এক প্রান্তে অসাধারণ বোলিং করে যাচ্ছিলেন শহীদ।
প্রথম স্পেলেই মুভমেন্ট, নিয়ন্ত্রিত বোলিংয়ে আর আঁটসাঁট ফিল্ডিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের কাঁপিয়ে তুললেন। তুলে নিলেন মোহাম্মদ হাফিজের উইকেটটিও। সুযোগ পেয়েছিলেন আজহার আলীকেও সাজঘরে ফেরত পাঠানোর। কিন্তু নো বলটা বাঁচিয়ে দিল আজহারকে। দিন শেষে ১২৭ রানে অপরাজিত থাকা আজহারের ব্যাটিং দেখে শহীদ বলতেই পারেন, ‘একটি নো বল সারা দিনের কান্না!’
খুব আফসোস হচ্ছে বুঝি? সংবাদ সম্মেলনে আসার পথে শহীদকে জিজ্ঞেস করতেই মৃদু মাথা নাড়লেন, ‘আফসোস তো লাগছেই। এমন একটা উইকেট...।’ ভাগ্যকেও পাশে পাননি। তাঁর বলে ক্যাচ উঠেছে বেশ কবার। কিন্তু ঠিক জায়গামতো পায়নি বাংলাদেশের ফিল্ডাররা।
হাফিজকে ফেরানো, নো বলের কল্যাণে আজহারের বেঁচে যাওয়া—প্রথম স্পেলের ৮ ওভারে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে খানিকটা আফসোস তাঁর শাহাদতকে নিয়েও। এমন পেসবান্ধব উইকেটে যখন পেসারদের হামলে পড়ার কথা, তখন শহীদ একাই নিঃসঙ্গ শেরপার মতো সামাল দিয়েছেন। বললেন, ‘এই উইকেট পেস বোলারদের জন্যই। দুর্ভাগ্য, রাজীব ভাই (শাহাদাত) চোটে পড়ল। উনি থাকলে আরও ভালো হতো আমার জন্য।’ তবে এ জন্য খুব একটা চাপ অনুভব করেননি বলেই দাবি করলেন, ‘চাপটা ওভাবে আমার ওপর ছিল না। তবে রাজীব ভাই থাকলে আরও ভালো হতো।’
নো বল নিয়ে আফসোস থাকলেও শহীদ তাকাতে চান সামনের দিকেই, ‘যে সুযোগগুলো গিয়েছে, যে বলগুলো নো হয়েছে... সেগুলো তো ইচ্ছা করে হয়নি, হয়ে গেছে। ইনশা আল্লাহ আগামীকাল সেগুলো ঠিক হয়ে যাবে।’ পাকিস্তান দিন শেষে ৩ উইকেটে ৩২৩ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দিলেও শহীদের প্রত্যাশা আগামীকালের প্রথম সেশনে দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দ্রুত থামিয়ে দেওয়া, ‘আমরা চেষ্টা করছি। চারজন (বোলার) ছিলাম। এখন তিনজন আছি। উইকেটে ভালো হেল্প আছে। লাঞ্চের আগে দারুণ বোলিং করতে পারলে ভালো কিছুই আশা করছি।’

এমন উইকেট নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যও সতর্কবার্তা। তবে শহীদের প্রত্যাশা, ‘উইকেটে এখনো মুভমেন্ট আছে, ঘাস আছে। আমাদের ব্যাটসম্যানদের একটু কষ্ট হবে। তবে বলটা দেখে খেলতে পারলে, আমাদের ব্যাটসম্যানরা খারাপ করবে না।’