কাল রাতে মুদ্রার কোন পিঠটা দেখেছেন শাদাব খান, এপিঠ না ওপিঠ?
বয়স মাত্র ১৮। এই সপ্তাহেই আন্তর্জাতিক অভিষেক। প্রথম দুই টি-টোয়েন্টিতে গুনে গুনে নিয়েছেন ৭ উইকেট। ৮ ওভারে মাত্র ২১ রান অর্থাৎ গড়টা ছিল অবিশ্বাসে চোখ কচলানোর মতো—৩.০০! এই লেগ স্পিনারের বৈচিত্র্যের যেন কোনো জবাবই খুঁজে পাচ্ছিলেন না ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। পরশু অবশ্য সেটা মনে হয়নি। ৪ ওভার বোলিং করারই সুযোগ পাননি, ৩.৫ ওভারেই দিয়ে দিয়েছেন ৩৮ রান। উইকেট অবশ্য পেয়েছেন একটি, এভিন লুইসের।
ওই লুইসই পরশু মাটিতে নামিয়ে এনেছেন শাদাবকে। অভিষেকের পর থেকেই তো উড়ছিলেন এই পাকিস্তানি। লেগ স্পিন, গুগলি ও দুর্দান্ত ফিল্ডিংয়ের প্যাকেজ মিলিয়ে হয়ে উঠেছিলেন রীতিমতো আলোড়ন। সে আলোচনা অন্তত এক দিনের জন্য স্তিমিত করে দিয়েছে লুইসের ব্যাট। তাঁর ৫১ বলে ৯১ রানের ঝড়ে ৭ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩৭ তাড়া করতে নামা ক্যারিবীয়দের হাতে ছিল আরও ৫ ওভার। বোঝার উপায় ছিল না, এক দিন আগেই এর চেয়ে ৫ রানের কম লক্ষ্যও পেরোতে পারেনি তারা।
দুই ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন ওপেনার লুইস। প্রথমবারের মতো শাদাবের দেখা পেয়েই তাঁকে দেখিয়ে দিয়েছেন মুদ্রার অন্য পিঠটা। শাদাবের ১৪ বলে নিয়েছেন ২৫ রান। ইনিংসের ৯ ছক্কার তিনটি মেরেছেন তরুণ লেগ স্পিনারের বলে।
দ্বিতীয় ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল জানিয়ে দিয়েছিলেন, শাদাবের বিপক্ষে আরেকটু আক্রমণাত্মক হবে তাঁর দল। লুইস অবশ্য আগে থেকে কোনো কিছু ভেবে রাখার কথা স্বীকার করলেন না, ‘ওর জন্য আলাদা পরিকল্পনা ছিল না। নিজের দিনে আমি যেকোনো বোলারকেই মারতে পারি।’
কী বুঝলেন? পাকিস্তানের পক্ষে ২-১ অবস্থায় কাল রাতের চতুর্থ টি-টোয়েন্টিটি শুধু সিরিজ নির্ধারকই ছিল না, সেটি হয়ে উঠেছিল ‘এভিন লুইস বনাম শাদাব খান’ নামের রোমাঞ্চকর লড়াই-ও! ক্রিকইনফো।