শাদাবের জাদু চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকেই চমকে দিয়েছেন শাদাব খান। ৪ ওভার বল করে ৩ উইকেট পেয়েছেন। তবে চমকটা দিয়েছেন কিপটেমিতে, লেগ স্পিন বোলিংয়েও টি-টোয়েন্টিতে মাত্র ৭ রান! তাঁর স্পিনটা দ্বিতীয় ম্যাচেও ঠিক বুঝে উঠতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পরশু শাদাব-জাদুতে বিবশ হয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ রানে হেরেছে স্বাগতিকেরা। অথচ লক্ষ্যটা সহজই ছিল ওয়েস্ট ইন্ডিজের।
দ্বিতীয় ওয়ানডেতে একটু ‘খরুচে’ ছিলেন শাদাব, দিয়েছেন ১৪ রান! তবে উইকেটও একটা বেড়েছে। তাঁর ১৪ রানের ৪ উইকেটের স্পেলেই নিশ্চিত জয় দেখতে থাকা ওয়েস্ট ইন্ডিজ থমকে দাঁড়ায়। ১৩২ রান তাড়া করতে নামা ক্যারিবীয়রা ৮ ওভারেই ১ উইকেট হারিয়ে ৬০ রান করে ফেলেছিল। লেগ স্পিন, গুগলি ও বিভ্রান্তি জাগানিয়া সোজা বল—বৈচিত্র্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারকে তছনছ করে দিয়েছেন শাদাব।
দুর্দান্ত সে স্পেলটা যখন শেষ হলো, ক্যারিবীয়দের স্কোর: ৮১/৬! অবশ্য শুধু বোলিংয়ে নয়, ফিল্ডিংয়েও ত্রাস হয়ে উঠছেন ১৮ বছর বয়সী শাদাব। এতটাই ভালো, মাত্র দুই ম্যাচ খেলেই আলোচনা তুলে দিয়েছেন, পাকিস্তানের সর্বকালের সেরা ফিল্ডার তিনিই কি না!
উইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল অবশ্য নিজের ব্যাটসম্যানদেরই দোষ দেখছেন বেশি, ‘সে খুব ভালো বল করেছে। কিন্তু আমরাও ওকে উইকেট উপহার দিয়েছি। আমার মনে হয়, আমাদের ওকে এত সহজে উইকেট না দেওয়াই উচিত।’
শাদাবের সেই জাদুকরি স্পেলের পরও জয় অসম্ভব ছিল না ওয়েস্ট ইন্ডিজের। শেষ ৭ ওভারে দরকার ৫২ রান, উইকেটে অধিনায়ক কার্লোস ব্রাফেট ও জেসন হোল্ডার। জয়ের আশা ছিলই। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণের দুই পাশ মেলাতে পারেনি স্বাগতিক দল। শেষ ওভারে ১৪ রান নিতে হতো। প্রথম দুই বলে দুটি চারে ম্যাচটাও জমিয়ে তুলেছিলেন সুনীল নারাইন। সেটা এক বলে ৫ রানে গিয়ে দাঁড়াল মাঝের তিন বলে কেবল ওয়াইড থেকে একটা রান আসায়। কিন্তু হাসান আলীর ইয়র্কারটা পয়েন্টে ঠেলে কেবল ১ রানই নিতে পারলেন হোল্ডার।
৩ রানের আক্ষেপ নিয়ে আজ তৃতীয় টি-টোয়েন্টির দিকে তাকিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: ক্রিকইনফো।