শান্তরাও যখন অশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েবের সঙ্গে তর্কে জড়ালেন দ্রাবিড়। সংগৃহীত ছবি
শোয়েবের সঙ্গে তর্কে জড়ালেন দ্রাবিড়। সংগৃহীত ছবি

বিরাট কোহলি আবারও আলোচনার কেন্দ্রে। শুধু ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের কারণেই নয়, তাঁর আচরণের জন্যও। গত মঙ্গলবার অ্যাডিলেডে প্রথম টি-টোয়েন্টিতে স্টিভ স্মিথের ক্যাচ ধরে উত্তেজিত ভঙ্গিতে হাতের আঙুল দিয়ে এমন একটা ইঙ্গিত করলেন, যেটি একটাই অর্থ—‘খুব তো কথা বলছিলি, আরও বল্।’ ক্রিকেট মাঠে কোহলির এমন সব কাণ্ডকীর্তি অবশ্যই নিয়মিতই। মাঠে আগ্রাসী আচরণ করতে গিয়ে ভব্যতার সীমা ছাড়িয়ে গেছেন প্রায়শই। যে কারণে কোহলির এমন আচরণকে এখন ‘স্বাভাবিক’ হিসেবেই ধরে নিয়েছেন অনেকে। কিন্তু এমন অনেক খেলোয়াড় আছেন, যাঁরা শত প্ররোচনায় নিজের মেজাজ হারান না। ঠান্ডা মাথায় করে যান নিজের কাজটি। দলের জয়-পরাজয় যা-ই থাকুক, খুব বেশি আবেগ তাঁরা প্রকাশ করেন না।
আপাত শান্ত এই ক্রিকেটাররা যদি হঠাৎ অশান্ত হয়ে ওঠেন? মেজাজ হারিয়ে করে বসেন অভাবনীয় কাণ্ড! ক্রিকেট কিন্তু এমন শান্ত-শিষ্টদের ‘অশান্ত’ হয়ে ওঠার বেশ কয়েকটি ঘটনাই দেখেছে...

দ্রাবিড় যখন অগ্নিশর্মা
ক্রিকেটের নিপাট ভদ্রলোক হিসেবেই পরিচিত ছিলেন রাহুল দ্রাবিড়। এই ঠান্ডা মাথার দ্রাবিড়ই ২০০৪ সালে একবার মাঠে মেজাজ হারিয়ে ফেলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে শোয়েব আকতারের সঙ্গে রীতিমতো বাদানুবাদে ঝগড়ায় জড়িয়ে পড়েন। যেটির শুরু একটা রান নেওয়ার সময় শোয়েবের সঙ্গে ধাক্কা লাগায়। পাকিস্তানি পেসারের কী একটা কথায় প্রচণ্ড রেগে যান তিনি। শুরু করে দেন ঝগড়া। পড়ে ইনজামাম-উল-হক ও আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেন।

‘ক্যাপ্টেন হট’ ধোনি
মাঠে ভাবলেশহীন আচরণের জন্য নামই হয়ে গেছে ‘ক্যাপ্টেন কুল’। মহেন্দ্র সিং ধোনি মানেই মাঠে আবেগের রাশ টানা এক ক্রিকেটার। তবে এর ব্যতিক্রম যে হয়নি, তা নয়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কমনওয়েলথ ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মাইক হাসিকে স্টাম্পিং করেছিলেন। টিভি আম্পায়ার ভুল বাটনে চাপ দিয়ে হাসিকে আউটও দিয়ে দেন। কিন্তু মাঠের আম্পায়াররা ভুল বুঝতে পেরে হাসিকে মাঠ ছাড়তে মানা করেন। তখন তাঁদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন ধোনি। ‘ক্যাপ্টেন কুলে’র এই আচরণ অবাকই করেছিল সবাইকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হাসির পক্ষেই যায়।

রোচের সঙ্গে ক্যালিসের ‘ঝামেলা’
২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে আগুন ঝরাচ্ছিলেন কেমার রোচ। ধারাবাহিকভাবে ৯০ মাইল গতিতে বল করছিলেন, মুখেও খই ফুটছিল তাঁর। একের পর এক গতিময় বাউন্সারে নাকাল হচ্ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। এমনই এক বাউন্সারের পর রোচের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন জ্যাক ক্যালিস। ঠান্ডা মাথার ক্যালিসকে এভাবে তেতে উঠতে দেখে পরিস্থিতি সামাল দেন শিবনারায়ণ চন্দরপল। ঝামেলা অবশ্য তারপরও কমেনি, পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল ম্যাচের শেষে দুজনকে হাত মেলাতে মোটামুটি ‘বাধ্য’ করেন এবি ডি ভিলিয়ার্স।

ক্লার্কে ক্ষিপ্ত জয়াবর্ধনে
ক্যাচ হয়েছে কী হয়নি, এ নিয়েই দুজনের মধ্যে কথা-কাটাকাটি। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার এক টেস্ট ম্যাচে জয়াবর্ধনের একটি নিচু ক্যাচ নিলেন মাইকেল ক্লার্ক। কিন্তু জয়াবর্ধনের মধ্যে সন্দেহ থাকায় তিনি দাঁড়িয়ে রইলেন আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্তের আশায়। এ সময় ক্লার্ক একটু অযাচিতভাবেই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের দিকে তাকিয়ে বলেন, ‘মাহেলা, এটা ১০০ ভাগ নিশ্চিত থাকো আমি ঠিকই ক্যাচ নিয়েছি। তুমি হাটতে শুরু করবে নাকি সিদ্ধান্তের অপেক্ষা করবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু এটা আউট।’ শ্রীলঙ্কান ব্যাটসম্যান উত্তর দিলেন, ‘শান্ত হও, হাঁটার সময় হলে হাঁটব আমি।’ পরে আউট নিশ্চিত হওয়ার পরও দুজনের মধ্যে খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেদিন।

খুন করতে যাচ্ছিলেন লক্ষণ
নিজের বোকামিতে আর একটু হলেই ভিভিএস লক্ষণের হাতে ‘খুন’ হতে চলেছিলেন প্রজ্ঞান ওঝা। এমনিতে লক্ষণ প্রচণ্ড ঠান্ডা মাথার খেলোয়াড় ছিলেন। কিন্তু ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালি টেস্টে তিনি ওঝার কারণেই মেজাজ হারিয়ে বসেছিলেন। টান টান উত্তেজনার সেই ম্যাচে শেষ উইকেট জুটিতে ব্যাট করছিলেন লক্ষণ ও ওঝা। কিন্তু অযথা ঝুঁকি নিয়ে প্রায় রান আউট হতে চলেছিলেন ওঝা। রাগে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসেছিলেন লক্ষণ। আরেকটু হলে ওঝার দিকে ব্যাটই ছুড়ে মারতেন! শেষ পর্যন্ত অবশ্য দলকে জিতিয়েই ফিরেছিলেন দুজন।

দর্শক তাড়িয়ে গ্রেপ্তার ইনজামাম
ইনজামাম-উল-হক মানেই ছিল অলস সৌন্দর্য। এমনভাবে খেলতেন যেন অনেক অনিচ্ছা নিয়ে মাঠে নেমেছেন। দুর্দান্ত সব শট খেলতেন ওই আলসেমি নিয়েই। ফিল্ডিংয়েও ওই আলসেমি কাটত না। মাঠে সব সময়ই ছিল তাঁর নির্লিপ্ত বিচরণ। তবে একবার প্রতিপক্ষ নয়, গ্যালারির দর্শক ইনজামামকে খেপিয়ে দিয়েছিলেন চূড়ান্তভাবে। ১৯৯৭ সালে কানাডায় ভারতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে গ্যালারি থেকে এক দর্শক মেগাফোন হাতে নিয়ে ইনজামামের উদ্দেশে ‘আলু’ ‘আলু’ বলে চিৎকার করতেই বাঁধে বিপত্তি। স্থূলকায় শরীরের ইনজাজাম, নিজের শারীরিক গঠন নিয়ে উপহাস শুনতেই হারিয়ে বসেন মেজাজ। ব্যাট হাতে গ্যালারির দিকে ছুটে গিয়ে তাড়া করেন ওই দর্শককে। কানাডীয় পুলিশ ইনজামামকে আটক করে। পরে ছাড়া পেলেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা ঠিকই জুটেছিল তাঁর।