শান্তির পতাকা ওড়াচ্ছে ইংল্যান্ড
সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে জস বাটলার, পরে বেন স্টোকসের সঙ্গে লেগেছে বাংলাদেশের খেলোয়াড়দের। জয়-পরাজয় ছাপিয়ে বেশি আলোচিত যেন এ ঘটনাই। অবশ্য চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের আগে শান্তির পতাকা ওড়াচ্ছেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার জানালেন, পেছনের ঘটনা ফেলে এখন তাঁদের মনোযোগ ক্রিকেটেই।
পরশু বাটলারের ঘটনায় জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে। ইংলিশ অধিনায়ককেও সতর্ক করেছে আইসিসি। তবে চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এসব নিয়ে ভাবতে চাইছে না ইংল্যান্ড। আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন সেটিই বললেন, ‘ওই ম্যাচে কয়েকজন খেলোয়াড় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। যেকোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এমনটা হতে পারে। আমাদের কয়েকজন খেলোয়াড় মেজাজ হারিয়েছিল, ওদেরও তাই। এখন এটা পেছনে চলে গেছে। আমাদের মনোযোগ শুধু খেলাতেই।’

বাংলাদেশ-ইংল্যান্ড দুই দল জিততে কতটা মরিয়া, সেটি ওই ঘটনাতেই স্পষ্ট। তবে লড়াইটা শুধু ব্যাটে-বলে সীমাবদ্ধ থাকবে, এটাই আশা মঈনের, ‘বাংলাদেশের দিক থেকে যদি দেখি, গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তারা উদ্যাপন করছিল। কখনো কখনো এভাবে উদ্যাপন করাই যায়, তবে প্রতিপক্ষকে সম্মান জানানোর কথাটাও খেয়াল রাখতে হয়। অবশ্য ম্যাচের আগে ও পরে অনেক কিছু ঘটতে পারে।’
এমনিতেই সিরিজ দারুণ জমে উঠেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় আর বাটলার-স্টোকস হয়ে উঠেছেন এই জমাটি মুহূর্তের কারণ। তবে মঈনের কণ্ঠে ঝরেছে জমজমাট সিরিজে ভালো আচরণের প্রত্যাশা, ‘সিরিজটা জমে উঠেছে। খেলার নিয়ম মেনে আশা করি সামনের ম্যাচে দুই দলের সবাই ভালো আচরণ করবে। পেছনে ফিরে তাকিয়ে যাতে আমরা বলতে পারি অসাধারণ এক সিরিজ ছিল এটি।’