শান্তির পতাকা ওড়াচ্ছেন স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ

শুধু ২২ গজে কি আর আটকে থাকে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট লড়াই! স্টিভেন স্মিথ একটা কথার গোলা ছুড়বেন, সেটার ঝাঁজালো উত্তর দেবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ শুরুর আগে ছড়িয়ে পড়বে উত্তাপ। চলবে মনস্তাত্ত্বিক লড়াই। এটিই ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথের চরিত্র। কিন্তু অনেকটা ধারার বিপরীতে গিয়ে এবারের ওয়ানডে সিরিজের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ ওড়াচ্ছেন শান্তির পতাকা। সিরিজজুড়ে ‘বন্ধুত্বের চেতনা’ বজায় থাকবে বলে আশা করছেন তিনি।

স্মিথের এই সুরে কথা বলার কারণ হতে পারে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে খেলে যাওয়া টেস্ট সিরিজ। চার টেস্টের সেই সিরিজের পরতে পরতে ছিল উত্তেজনা। ব্যাট-বলের লড়াইটা ছিল জমজমাট। গনগনে তাপ ছড়িয়েছিল কথার লড়াই। স্মিথ আম্পায়ারের একটি এলবিডব্লুর সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে গিয়ে তাকিয়েছিলেন ড্রেসিংরুমের দিকে। সেটি নিয়ে সে কী উত্তেজনা! স্মিথ পরে বলেছিলেন তাঁর ‘ব্রেন ফেড’ হয়ে গিয়েছিল।

আগামীকাল চেন্নাইয়ে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তবে শান্তির পতাকা উড়িয়েও অস্ট্রেলিয়া অধিনায়ক দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি, ‘আমি মনে করি, সিরিজে থাকবে বন্ধুত্বের চেতনা। ভারতের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতাময় একটি সিরিজই হবে।’ অস্ট্রেলিয়ার জন্য সিরিজটি কঠিন করে তুলবেন কোহলি, স্মিথরা দেশ ছাড়ার আগেই উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন মাইকেল ক্লার্ক। ওয়ানডেতে ব্যাট হাতে স্মিথের চেয়ে কোহলি এগিয়ে, এই ‘রায়’ও দিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। স্মিথও সেটি মানছেন, ‘কোহলির সঙ্গে পার্থক্য নিয়ে খুব একটা উদ্বিগ্ন নই আমি। অবশ্যই সে খুব ভালো খেলোয়াড় আর ওয়ানডেতে তার রেকর্ডও ভালো।’

সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে ৩ থেকে ১ নম্বরে উঠে যাবে ভারত। একই ব্যবধানে অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে তারাই উঠবে শীর্ষে। এমন সমীকরণের সামনে স্মিথ সতীর্থদের কানে পুঁতে দিচ্ছেন কোহলিকে আটকানোর মন্ত্র, ‘আশা করছি, এই সিরিজে যতটা সম্ভব তাকে আটকে রাখতে পারব। এটা করতে পারলেই আমরা সফল হব।’

ভারতে আসার আগে সর্বশেষ সিরিজটি কঠিনই গেছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশে দুই টেস্টের সিরিজটা তারা ড্র করেছে (১-১) পিছিয়ে পড়ে। তবে এই ড্র সিরিজ থেকেও একটা আত্মবিশ্বাস নিয়ে যেতে পেরেছেন স্মিথরা। অস্ট্রেলিয়া এটা ধরেই নিয়েছে, পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে অস্ট্রেলিয়ার জন্য স্পিনের ফাঁদ পাতবে। তবে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্পিনাররা ভালো করায় তারা এবার আত্মবিশ্বাসী। ভারত সফরে ৫০ ওভারের একমাত্র যে প্রস্তুতি ম্যাচটি তারা জিতেছে সেটিতেও দুই স্পিনার অ্যাস্টন অ্যাগার ৪টি ও অ্যাডাম জাম্পা ১টি উইকেট নিয়েছেন। এএফপি।