শান্তির পতাকার আড়ালে যুদ্ধের দামামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ
বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ

এদিকে স্টিভেন স্মিথ বলছেন, ‘যা করেছিলাম সেটা ভুল ছিল এবং আমি সেটা জানি।’ ওদিকে বিরাট কোহলি বলছেন, ‘যা হয়েছে সব ভুলে খেলায় মনোযোগ দিতে চাই।’ ব্যস, তাহলে তো হয়েই গেল। দুই পক্ষই শান্তির পতাকা উড়িয়েছে। এক সপ্তাহ ধরে যে বিতর্ক ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ছাপিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে উত্তপ্ত করে রেখেছিল, সেটা কি তাহলে শেষ হলো?

একদমই না। বরং শান্তির পতাকার আড়ালে আরও বেশি করে বাজছে লড়াইয়ের দামামা, যে লড়াই শুরু হবে আজ রাঁচিতে। তবে তার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে দুই অধিনায়ক আরও যেসব কথাবার্তা বলে গেলেন, তাতে মোটেও মনে হচ্ছে না ‘শান্তিকালীন’ সময় এসেছে। ‘সব ভুলে খেলতে নামব’ এটা বলার আগেই কোহলি যেমন বলেছেন, বেঙ্গালুরুতে স্মিথের ডিআরএস-বিতর্ক নিয়ে তিনি যা বলেছিলেন, সেগুলোর কোনোটির জন্যই তিনি অনুতপ্ত নন। ওদিকে স্মিথ বলে রাখলেন, রাঁচিতে মাঠে নামার আগে ম্যাচ রেফারির সামনে তিনি কোহলির কাছে ডিআরএস-বিতর্ক নিয়ে আগের মন্তব্যের ব্যাখ্যা চাইবেন। তার মানে বেঙ্গালুরুর উত্তাপ রাঁচিতেও টেনে আনছেন দুই অধিনায়ক। তাহলে আর সব ভুলে নতুন করে শুরু করা হলো কোথায়?
বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে রিভিউ নেবেন কি না, সেটা জানতে ড্রেসিংরুমের দিকে তাকিয়েছিলেন স্মিথ। এ নিয়েই খেপে গিয়েছিল কোহলিসহ পুরো ভারত দল। তাদের চোখে এটি স্রেফ প্রতারণা, ডিআরএস আইনের লঙ্ঘন। অন্যদিকে স্মিথের দাবি, সেটি ছিল ‘ব্রেন-ফেইড’, তাঁর তখন মাথা কাজ করছিল না! যেটির জন্য পরে সংবাদ সম্মেলনে এসে দুঃখও প্রকাশ করেছেন। কিন্তু তাঁর সেই ব্যাখ্যা মনে ধরেনি কোহলির। তাঁর দাবি, তিনি বেঙ্গালুরু টেস্টেই এর আগে দুবার অস্ট্রেলিয়াকে এ কাজটা করতে দেখেছেন। এই বিতর্কে জড়ানোর জন্য অবশ্য দুজনের কেউই শাস্তি পাননি।
রাঁচি টেস্ট সামনে রেখে গতকাল দুই অধিনায়কের সংবাদ সম্মেলনেও বারবার এসেছে ওই বিতর্কের প্রসঙ্গ। কোহলি এখানেও বলেছেন, ‘যা বলেছিলাম, তার জন্য আমি অনুতপ্ত নই।’ এটা বলে আবার সঙ্গে যোগ করেছেন, ‘প্রতিদিন একই বিষয় নিয়ে কথা বলার মতো বোকামি করা ঠিক নয়। আমাদের সামনে অনেক ক্রিকেট পড়ে আছে। আমরা এখন আর ওটা নিয়ে পড়ে থাকতে চাই না। একই বিষয় নিয়ে বারবার কথা বলতে চাই না। আমাদের আরও দুটি টেস্ট খেলতে হবে। ওদিকেই মনোযোগ দিতে চাই। আমার মনে হয়, সবার জন্যই পরিণত সিদ্ধান্ত হবে খেলায় মনোযোগ দেওয়া।’
বলছেন বটে। কিন্তু এত সহজে বোধ হয় সেটা পারছে না কোহলির দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ যেমন হতাশ কোহলির মন্তব্যে। অস্ট্রেলিয়া আরও দুবার ডিআরএসের সময় ড্রেসিংরুমের সাহায্য নিতে চেয়েছে বলে কোহলি যে অভিযোগ করেছেন, সেটি উড়িয়ে দিয়েছেন স্মিথ, ‘এটা খুবই হতাশাজনক। আমি ভুল করেছিলাম এবং সেটা আমি সংবাদ সম্মেলনে এসেই বলেছিলাম। কিন্তু ওটাই ছিল প্রথমবার। আমার দল এ রকম কাজ করে না। সে (কোহলি) বলেছে, সে মাঠে থাকা অবস্থায় আমরা আরও দুবার এটা করেছি, যেটা সঠিক নয়। অবশ্যই তাঁর নিজস্ব মত দেওয়ার অধিকার আছে। কিন্তু আমার মতে, সে একেবারেই ভুল বলছে।’ ক্রিকইনফো।
রাঁচি টেস্টের আগে ম্যাচ রেফারির সঙ্গে দুই অধিনায়কের বৈঠকের সময় কোহলির কাছে ওই মন্তব্যের ব্যাখ্যা চাইবেন বলেও জানিয়ে রাখলেন স্মিথ, ‘হয়তো আমি ওকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পাব। দেখা যাক, সে কী বলে। তবে আমরা এই কাজটা নিয়মিতই করেছি, এটা একেবারেই ফালতু কথা।’
এসব কথা শুনে কে বলবে, দুই অধিনায়ক শান্তি চান!