শামসুরের ব্যাটে জয় মোহামেডানের

বিকেএসপিতে শুরুটা ভালোই হয়েছিল ভিক্টোরিয়ার। উদ্বোধনী জুটিতে এল ৩৮ রান। কিন্তু তাইজুল ইসলাম আর এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে ১৫৪ রানেই গুটিয়ে গেল তারা। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শামসুর রহমানের ব্যাটে ৩০ ওভারেই ৭ উইকেটে জয় তুলে নিল মোহামেডান। প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে এটি মোহামেডানের তৃতীয় জয়।
তাইজুল ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। এনামুলের ৩ উইকেট ৩১ রানে। শামসুরও হাত ঘুরিয়ে সাফল্য পেয়েছেন। ২ উইকেট পেয়েছেন ৩০ রানে। পেসার কামরুল ইসলাম রাব্বীও উইকেট না পেলেও বোলিংটা করেছেন দুর্দান্ত। ৭ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়েছেন।
ভিক্টোরিয়ার পক্ষে সর্বোচ্চ রান ওপেনার রুবেল মিয়ার। ৬২ বলে ৪২ করেছেন ৬ চারে। এ ছাড়া মঈনুল ইসলাম ২১ আর রবিন বিস্ত ২১ রান করেন।
মোহামেডান শুরুতে ধাক্কা খেয়েছিল। শূন্য রানে ফেরেন ওপেনার সৈকত আলী। মাহবুবুল আলমের বলে এলবিডব্লু হন। তবে শামসুর ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচটা নিজেদের করে নেন।
দ্বিতীয় উইকেটে রনি তালুকদারের সঙ্গে যোগ করেন ৪৮ রান। তৃতীয় উইকেটে রকিবুল হাসানের সঙ্গে আরও ৩৮ রান যোগ করেন শামসুর। তবে অভিষেক মিত্রের সঙ্গে তাঁর ৭২ রানের জুটিই মোহামেডানের জয়টা সহজ করে দেয়। অভিষেক অপরাজিত থাকেন ৩৯ রানে।