শামসুরের সেঞ্চুরিও রুখতে পারেনি আবাহনীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩৬ করেও দল জেতাতে পারেননি শামসুর রহমান। ছবি: ফাইল ছবি।
১৩৬ করেও দল জেতাতে পারেননি শামসুর রহমান। ছবি: ফাইল ছবি।

কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯৫ রানে অপরাজিত ছিলেন শামসুর রহমান। ‘নো বল’ বিতর্কে সেদিন নিজেকে ‘সেঞ্চুরি-বঞ্চিত’ই ভেবেছিলেন এই ওপেনার। এক ম্যাচ পরেই আবাহনীর বিপক্ষে আজ ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ব্যক্তিগত আফসোস পুষিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতাতে পারেননি। গতকাল আবাহনীর গড়া ২৭৬ রানের জবাবে আজ রিজার্ভ ডেতে ২৪৪ রান করে ৩২ রানে হেরেছে গাজী গ্রুপ।

এবারের প্রিমিয়ার লিগটা দুর্দান্তই কাটছে শামসুর রহমানের। ২০১৪ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে (টেস্ট)। প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের পারফরম্যান্স নিশ্চয়ই দৃষ্টি কাড়ছে নির্বাচকদের। ৭ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে শামসুর ৭৯.৩৩ গড়ে করেছেন ৪৭৬ রান। প্রাইম ব্যাংক, রূপগঞ্জ, কলাবাগান ক্রীড়াচক্র, কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে চারটি ফিফটির পর আজ আবাহনীর বিপক্ষে পেলেন আরাধ্য সেঞ্চুরিটি।

২৭৬ রানের চ্যালেঞ্জ টপকাতে কাউকে বড় একটা ইনিংস খেলতেই হতো। শামসুর রহমান তা খেলেছেন। কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্সের আর কোনো ব্যাটসম্যানই তাঁকে সহযোগিতার হাত বাড়াতে পারেননি। আরেক ওপেনার এনামুল হক রানের খাতাই খুলতে পারেননি। অলক কাপালি, ইলিয়াস সানি, ফারুক হোসেনরা ভালো শুরু করেও (যথাক্রমে ১৫,১৩, ২৯) নিজেদের ইনিংসগুলো টেনে নিয়ে যেতে পারেননি।

দারুণ বোলিং করেছেন আবাহনীর পেসার তাসকিন আহমেদ, ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন। চোট ও নিষেধাজ্ঞা কাটিয়ে আজই প্রথম খেলতে নামা শাহাদাত হোসেনও পেয়েছেন উইকেট। ২৯ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ২ উইকেট পেয়েছেন আবুল হাসান ও রজত ভাটিয়া। সাকলাইন সজীব ৪৪ রানে পেয়েছেন ১ উইকেট।

এই ম্যাচ জেতায় ৮ ম্যাচে ৮ পয়েন্ট হলো আবাহনীর। এতে পয়েন্ট তালিকার ছয়ে থাকা দলটির সুপার সিক্সে ওঠার সম্ভাবনা একটু বাড়ল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পয়েন্টও ৮, নেট রানরেটে এগিয়ে থাকায় আবাহনীর ঠিক ওপরেই তাদের অবস্থান।