শামসুর-শুভাগতের অর্ধশতকে বিসিবি একাদশের লিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৯ রানের ইনিংস খেলার পথে শামসুর রহমান। ছবি: শামসুল হক
৬৯ রানের ইনিংস খেলার পথে শামসুর রহমান। ছবি: শামসুল হক

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলনটা মন্দ হলো না! শামসুর রহমান ও শুভাগত হোমের ফিফটিতে দিন শেষে স্বাগতিকদের ১১ রানের লিড।
ফতুল্লায় আগের দিন ইনিংসের শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারিয়েছিল বিসিবি একাদশ। দ্বিতীয় দিন ১ উইকেটে ১১ রান নিয়ে শুরু করে স্বাগতিকেরা। এ দিন অবশ্য জিম্বাবুয়ের বোলারদের খুব বেশি সুযোগ দেননি বিসিবির ব্যাটসম্যানরা।
ধীরেলয়ে শুরু করেন শামসুর রহমান ও রনি তালুকদার। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৩ রান। কামুনগোজির বলে এলবিডব্লিউ হওয়ার আগে রনি করেন ৪৬। তৃতীয় উইকেট জুটিতে মার্শাল আইয়ুবের সঙ্গে আরেকটি জুটি গড়েন শামসুর। নাতসাই এমসাঙ্গুয়ের বলে ফেরার আগে শামসুরের ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান।
শামসুর ফিরে গেলে বিসিবি একাদশের লিড এনে দেওয়ার কাজটি সহজ করে দেন শুভাগত। এ ডানহাতি উইকেটে ছিলেন ৫৩ রানে। দিন শেষে বিসিবি একাদশের সংগ্রহ ৬ উইকেটে ২৫২। জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে সফল এমসাঙ্গুয়ে। এ লেগস্পিনার নিয়েছেন ৪ উইকেট।