শামি কেন 'আসামি'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিনের সব অভিযোগ অস্বীকার করেছেন শামি। ছবি: এএফপি
হাসিনের সব অভিযোগ অস্বীকার করেছেন শামি। ছবি: এএফপি
>
  • স্ত্রী হাসিনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি মোহাম্মদ শামির
  • শামির দাবি, তাঁর ক্যারিয়ার ধ্বংসে ষড়যন্ত্র করা হয়েছে
  • হাসিনের সঙ্গে যোগাযোগের চেস্টা করেছেন ভারতীয় পেসার

শামি কেন ‘আসামি’?

রূপক প্রশ্নটা খোদ মোহাম্মদ শামির। ভারতীয় এ পেসারের বিরুদ্ধে বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। এ ছাড়া স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে ভারতীয় এই পেসারের বিপক্ষে। তাঁর পরিবার থেকে হাসিনকে নাকি হত্যার চেষ্টাও করা হয়েছে! এত সব অভিযোগের জবাবে শামির বক্তব্য অনেকটাই এমন যে আমি কেন আসামি?

২৭ বছর বয়সী এ পেসারকে নিয়ে ভারতীয় ক্রিকেট এখন উত্তাল। তারই জেরে শামি আপাতত নতুন চুক্তির বাইরে। অর্থাৎ বিতর্কের ঢেউটা তাঁর গায়েও এসেছে লেগেছে। শামি তাই আর চুপ করে থাকেননি। ভারতীয় সংবাদমাধ্যম ‘এএনআই’য়ের কাছে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি, ‘সব অভিযোগ ভিত্তিহীন। এসবের কোনো অর্থ নেই। সবকিছু না জানার আগ পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, সেটা সম্ভবত আমার ক্যারিয়ার ধ্বংসের জন্য।’

আইপিএলে পরিচয় থেকে প্রণয়, তারপর ২০১৪ সালে কলকাতার মডেলকন্যা হাসিনকে বিয়ে করেন শামি। তাঁদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে। কিন্তু স্ত্রীর গুরুতর অভিযোগে সেই সংসার এখন ভেঙে যাওয়ার মুখে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসিন কলকাতা পুলিশকে অভিযোগ জানিয়েছেন। তিনি আইনি সাহায্য নেবেন। এদিকে শামির দাবি, অভিযোগ ওঠার পর হাসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি। এ নিয়ে শ্বশুরের সঙ্গে তাঁর কথা হয়েছে। শ্বশুর তাঁর সঙ্গে ভালো আচরণ করেছেন বলে তাঁর দাবি।

ভারতের হয়ে ৩০ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা এ পেসার দেওধর ট্রফিতে অংশ নিতে এখন ধর্মশালায় রয়েছেন। সেখান থেকেই স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। এ ব্যাপারে তাঁর ভাষ্য, ‘হাসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, সে আমার ফোন ধরেনি। কিন্তু দ্রুতই তাঁর সঙ্গে দেখা করব। আমি যেমন, ঠিক সেভাবেই হাসিনের সঙ্গে সারা জীবন থাকব। শ্বশুরের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং আশা করি, সবকিছুর সমাধান দ্রুতই হবে।
হাসিন গতকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও শামির বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেননি। এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠি জানিয়েছেন, ‘তিনি (হাসিন) লালবাজারে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলার ব্যাপারটি খুলে বলেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেননি।’

হাসিন সামাজিক যোগাযোগমাধ্যমে সব কেচ্ছা-কাহিনি ফাঁস করার পর টুইটারে সবকিছু ‘ভুয়া’ হিসেবে দাবি করেন শামি। কিন্তু ভারতের টুইটার ব্যবহারকারীরা শামিকে ছেড়ে কথা বলেনি। নানা তির্যক ও কটু মন্তব্য করা হয় শামির টুইটের বিপরীতে। ক্রিকেটপ্রেমীদের দাবি অনেকটাই এমন, শামি কেন নয় আসামি?